HR Govt Jobs 2026

মানবসম্পদ উন্নয়ন আধিকারিক পদে কাজ করতে চাই বিশেষ পড়াশোনা! নিয়োগের পদ্ধতি কী?

কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ভর করে কর্মীর দক্ষতা এবং কার্যকারিতার উপর। কর্মীদের পরিচালনার দায়িত্বে থাকা মানবসম্পদ উন্নয়ন আধিকারিক পদে চাকরি কী ভাবে পাওয়া যায়? কারা হতে পারেন এমন পেশাদার? রইল বিশদ তথ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ০৮:৫৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

কোনও ব্যবসায়িক সংস্থা কিংবা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ সংক্রান্ত কাজের দায়িত্বে থাকেন মানবসম্পদ উন্নয়ন বিভাগের আধিকারিকেরা। তাঁরাই নিযুক্ত কর্মীদের প্রশিক্ষণ, কাজের উন্নয়ন, ব্যবস্থাপনের কাজগুলিও করে থাকেন। এই কর্তারাই সংস্থা বা প্রতিষ্ঠানের কর্মীদের পরিচালনা করে থাকেন। হিউম্যান রিসোর্স ম্যানেজার (এইচআরএম) হিসাবে পরিচিত আধিকারিক পদে কাজ পাওয়া যায় কী ভাবে? এ জন্য কোন যোগ্যতা থাকা প্রয়োজন— রইল সুলুকসন্ধান।

Advertisement

কী কাজ করতে হয়?

সংস্থা বা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নির্ভর করে কর্মীর উপর। সংস্থার মানবসম্পদ ওই কর্মীদের পরিচালনার পাশাপাশি, তাঁদের সঙ্গে কর্তৃপক্ষের সুসম্পর্ক বজায় রাখা, কর্মীদের সমস্যার সমাধান করার কাজও করে থাকেন এইচআরএম-রা।

কারা হতে পারেন এইচআরএম?

এই পদে নিয়োগের জন্য থাকা চাই বিশেষ বিষয়ে ডিগ্রি। উচ্চ মাধ্যমিক কিংবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে। এর পর স্নাতক হতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে। ব্যাচেলর অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি কোর্সের অধীনে সংশ্লিষ্ট বিষয়টি পড়ানো হয়ে থাকে। তবে, এই বিষয়টি ছাড়াও যাঁরা গণজ্ঞাপন, জনসংযোগ বিষয়গুলি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন, তাঁরাও এইচআরএম হতে পারেন।

কোন কোন বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন?

কর্মীদের সঙ্গে সংস্থার সুসম্পর্ক বজায় রাখার জন্য সব ধরনের সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের মানসিকতা থাকা চাই। এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং (ইআরপি) সফট্অয়্যারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ছাড়াও মাতৃভাষার পাশাপাশি, স্থানীয় ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন। এ ছাড়াও নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সংস্থার নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেওয়ার মতো কাজেও দক্ষতা থাকা প্রয়োজন।

কোথায় কেমন চাকরি?

সরকারি এবং বেসরকারি সংস্থায় এইচআরএম বিশেষজ্ঞদের নিয়োগ করা হয়ে থাকে। সরকারি বিভাগে যোগদানের জন্য অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। দীর্ঘ অভিজ্ঞতা থাকলে সরকারি সংস্থাগুলিতে নিয়োগ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থা থেকে কাজ শুরু করা যেতে পারে। সাধারণত শুরুতে এইচআর অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগ করা হয়ে থাকে। পরে ধাপে ধাপে রিক্রুটার, এইচআর এগ্‌জ়িকিউটিভ এবং হিউম্যান রিসোর্স ম্যানেজার হিসাবে পদোন্নতি হয়।

বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সরকারপোষিত সংস্থা, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, বহুজাতিক সংগঠন, স্টার্টআপ সংস্থাগুলিতে এইচআর পদে নিয়মিত নিয়োগ করা হয়ে থাকে। বেশির ভাগ ক্ষেত্রে অফিসে গিয়ে কাজ করতে হলেও বর্তমানে ওয়ার্ক ফ্রম হোম নীতির অধীনে চাকরির সুযোগ থাকছে। সে ক্ষেত্রে বাড়িতে বসেই কাজ করতে পারবেন।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থায় রাইটস লিমিটেড-এ অ্যাসিস্ট্যান্ট এইচআর নিয়োগ করা হবে। সেই সংস্থার অধীনে প্রথমে প্রশিক্ষণ পরে স্থায়ী পদে চাকরির সুযোগ পেতে পারেন। এ জন্য সংস্থার তরফে আয়োজিত পরীক্ষায় পাশ করতে হবে। নিয়োগের পর বেতনক্রম হতে পারে ২০,০০০ টাকা থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন