Surviving Layoffs in Work Culture

হঠাৎই হারাতে হল চাকরি! কর্মজীবনে নতুন সূচনার জন্য কী ভাবে প্রস্তুত করবেন নিজেকে?

গত কয়েক বছরে ১০ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন বহু কর্মী হঠাৎই চাকরি হারিয়েছেন। সাম্প্রতিক প্রকাশিত এক সমীক্ষার রিপোর্ট বলছে, ২০২৫-এ গোটা বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থায় এ ভাবে ছাঁটাই করা হয়েছে লক্ষাধিক কর্মীকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০২

ছবি: এআই।

দীর্ঘ দিন চাকরির পর হঠাৎই জানা গেল কাজটা আর নেই। অভিজ্ঞতা এবং দক্ষতা থাকা সত্ত্বেও চাকরি হারিয়েছেন, এমন ব্যক্তির সংখ্যা লক্ষাধিক। সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, ২০২৫-এ বিশ্ব জুড়ে বিভিন্ন সংস্থায় এ ভাবে ছাঁটাই করা হয়েছে প্রায় ১১ লক্ষ কর্মীকে। তাঁদের মধ্যে বেশির ভাগই তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। এ ছাড়াও কর্পোরেট সংস্থাগুলি থেকেও বিপুল সংখ্যক কর্মীর চাকরি খোয়া গিয়েছে।

Advertisement

কিন্তু এত সংখ্যক ব্যক্তিদের ছাঁটাই করার প্রবণতা কেন বাড়ছে? নাম প্রকাশে অনিচ্ছুক এক বহুজাতিক সংস্থার আধিকারিক জানিয়েছেন, মূলত প্রযুক্তির অন্তর্ভুক্তিতে ‘এন্ট্রি লেভেল জব’-এর উপরই কোপ পড়ছে। নতুন প্রযুক্তি নিয়ে জ্ঞান বা দক্ষতা না থাকলেও ছাঁটাইয়ের আশঙ্কা বাড়ে।

হঠাৎ করে চাকরি চলে গেলে ঠিক কী করবেন? কী ভাবে নতুন করে প্রস্তুতি নেবেন?

১। সাধারণত, বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের আগে বেশির ভাগ ক্ষেত্রেই বহুজাতিক সংস্থাগুলির তরফে আভাস দেওয়া হয়ে থাকে। যদি তা না পাওয়া যায়, সে ক্ষেত্রে রাতারাতি কাজ চলে গেলে মাথা ঠান্ডা রেখে ম্যানেজার কিংবা হিউম্যান রিসোর্স বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। কেন ছাঁটা করা হল, তা আধিকারিকদের কাছে জানতে চাওয়া দরকার। কারণ কিছু কিছু ক্ষেত্রে আর্থিক সমস্যার কারণ সংস্থাগুলির তরফে সাময়িক ভাবে ছাঁটাই করা হয়ে থাকে। সে ক্ষেত্রে পরে তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে কি না, তা নিয়ে আলোচনা করে নিতে হবে।

২। চাকরির বাজারে কোন কোন বিষয়ে বেশি চাহিদা রয়েছে, তা নিয়েও চর্চা করা দরকার। এ জন্য জীবনপঞ্জি খুঁটিয়ে দেখে নিতে হবে কোন কোন বিষয়ে বদল আনা দরকার বা কোন কোন কাজে আরও দক্ষতার প্রয়োজন।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

৩। নতুন কোনও বিষয় শেখার চেষ্টা করতে হবে, যা চাকরি জীবনে বাড়তি সুবিধা পাইয়ে দেবে। কারণ চাকরির বাজারে শুধুমাত্র ডিগ্রি বা কাজের অভিজ্ঞতাই যথেষ্ট নয়। থাকা দরকার বিশেষ বিশেষ ক্ষেত্রে দক্ষতাও।

৪। চাকরি চলে যাওয়ার পর দুশ্চিন্তা কয়েকগুণ বেড়ে যায়। সে ক্ষেত্রে অন্য কিছুতে মন দেওয়া প্রয়োজন। অন্যত্র কাজের সন্ধানের পাশাপাশি শরীরচর্চা শুরু করা যেতে পারে। এরই সঙ্গে সারাদিনের কাজ কী ভাবে করবেন, তার একটি রুটিন তৈরি করে ফেলতে হবে।

৫। চাকরি হারানোর জন্য নিজেকে দোষারোপ করলে চলবে না। বরং কী কী বিষয়ে সমস্যা ছিল, তার সমাধান কী ভাবে করা যেতে পারে, তাতে নজর দিতে হবে। প্রয়োজনে বাড়ির সকলের সঙ্গে সময় কাটানো যেতে পারে।

নতুন চাকরিতে আবেদন:

চাকরি চলে যাওয়ার পর নতুন করে আবেদন করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। জীবনপঞ্জি সাজিয়ে নেওয়া, কী ভাবে ইন্টারভিউয়ে উত্তর দেবেন, কেন চাকরি হারালেন— এই সমস্ত কিছু নিয়ে নিয়মিত ভাবে চর্চার প্রয়োজন রয়েছে। এ ছাড়াও বিভিন্ন সংস্থা থেকে ছাঁটাই হওয়া কর্মীদের ফের চাকরিতে যোগদানের উৎসাহ দিতে বিশেষ কাউন্সেলিং-এর ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে কোন সংস্থায় নিয়োগের নিয়মবিধি কেমন, তা জেনে নেওয়া সহজ হবে।

Advertisement
আরও পড়ুন