—প্রতীকী ছবি।
পুণেতে স্বঘোষিত ‘বাবা’র বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এক মহিলাকে ধর্ষণ করেন। ঘটনাটি নিয়ে তাঁকে ব্ল্যাকমেলও করছিলেন। তবে সম্প্রতি এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই ‘বাবা’কে।
পুলিশ সূত্রে খবর, নিজের আশ্রমকে ‘মডার্ন গুরুকুল’ বলে দাবি করতেন ওই ব্যক্তি। তাঁর অলৌকিক ক্ষমতা রয়েছে বলেও দাবি করতেন। আর সেই কৌশলে এক মহিলাকে তাঁর ফাঁদে ফেলেন ‘বাবা’। অভিযোগ, ওই মহিলার সঙ্গে তাঁর স্বামীর বিচ্ছেদ ঘটান। তার পর থেকে নিজের কাছে ‘বন্দি’ রেখেছিলেন মহিলাকে। ২০১০ সাল থেকে ২০১৬ সালের মধ্যে মহিলাকে বেশ কয়েক বার ধর্ষণ করেন বলে অভিযোগ। সেই ঘটনার ভিডিয়োও তুলে রাখতেন। পরে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করে পরবর্তী কালে তাঁর উপর অত্যাচার চালিয়ে গিয়েছেন বলে নির্যাতিতার দাবি।
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই ‘বাবা’র ঠিকানায় তল্লাশি চালায় পুলিশ। তাঁর গোপন কুঠুরি থেকে আপত্তিকর অনেক জিনিস উদ্ধার করা হয়। এ ছাড়াও ১২টি ল্যাপটপ, ১১টি মোবাইল ফোন, ১৯টি হার্ড ডিস্ক, সাড়ে ৬ লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এ ছাড়াও সোনার গয়না, গর্ভনিরোধক ওষুধ, মাদকও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।