RRB Technician Jobs 2026

টেকনিশিয়ান হওয়ার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল, যোগদানের সুযোগ পাবেন দশম উত্তীর্ণেরাও, আবেদনের শর্ত কী?

ভারতীয় রেল কর্তৃপক্ষ টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করবেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ জুন ২০২৬ ১১:০২

ছবি: সংগৃহীত।

ভারতীয় রেলে ছ’হাজারেরও বেশি শূন্যপদে কর্মখালি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর (আরআরবি) তরফে জানানো হয়েছে, টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ৬,৫৫৭। এর মধ্যে কলকাতায় ২২৪টি, মালদহে ৭৬টি এবং শিলিগুড়িতে ৯৪টি শূন্যপদ রয়েছে।

Advertisement

উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের পদার্থবিদ্যা, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও দশম উত্তীর্ণ হওয়ার পর বিভিন্ন ট্রেডে যাঁরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট-এ (আইটিআই) শংসাপত্র অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখার অধীনে যাঁরা ডিপ্লোমা করেছেন, তাঁরাও আবেদন করতে পারবেন।

রেল সূত্রে খবর, টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ পদে আবেদনকারীদের বয়স যথাক্রমে ১৮ থেকে ৩৩ বছর এবং ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীদের জন্য এ ক্ষেত্রে ছাড় থাকবে। সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা প্রতি মাসে ১৯ হাজার ৯০০ টাকা থেকে ২৯ হাজার ২০০ টাকা বেতন হিসাবে পাবেন।

কম্পিউটার বেস্‌ড টেস্ট (সিবিটি) পদ্ধতিতে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। এর পর নথি যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার পর নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ হবে।

আগ্রহীদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড-এর ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য হিসাবে যথাক্রমে ২৫০ এবং ৫০০ টাকা ধার্য করা হয়েছে। তাঁদের ২৯ জুলাইয়ের মধ্যে আবেদনপত্র এবং ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনমূল্য জমা দিতে হবে।

Advertisement
আরও পড়ুন