UPSC Exam Centre 2026

পছন্দের শহরে পরীক্ষা দেওয়ার সুযোগ বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের, বৃদ্ধি হল ইউপিএসসি-র কেন্দ্র

নতুন অর্থবর্ষে সিভিল সার্ভিস-সহ বিভিন্ন বিভাগে সরকারি আধিকারিক ও আমলা নিয়োগের পরীক্ষা শুরু হতে চলেছে। পরীক্ষার আগেই আসন বিন্যাস নিয়ে বড় ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১৫
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। ছবি: সংগৃহীত।

পছন্দের কেন্দ্রেই বিশেষ ভাবে সক্ষমেরা পরীক্ষা দিতে পারবেন। এরই সঙ্গে সাধারণ পরীক্ষার্থীদের কেন্দ্র বেছে নিতে যাতে সমস্যা না হয়, তা সুনিশ্চিত করতে চাইছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)। তাই আসন্ন সমস্ত নিয়োগ পরীক্ষার জন্য পরীক্ষাকেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করা হবে।

Advertisement

কমিশন সূত্রে খবর, গত পাঁচ বছরে কোন কেন্দ্র বেছে নিয়েছেন কত পরীক্ষার্থী, সেই তথ্যের ভিত্তিতে আসন বিন্যাস স্থির করা হয়েছে। দিল্লি, কলকাতা, কটক, পটনা, লখনউয়ের মতো শহরের পাশাপাশি, ভুবনেশ্বর, মেরঠ, শ্রীনগর, ইম্ফলেও পরীক্ষা কেন্দ্র থাকছে। আগামী ২৪ মে সিভিল সার্ভিস-এর প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। সেই পরীক্ষার জন্য ৮৩টি কেন্দ্র এবং মেন এগ্‌জ়ামিনেশনের জন্য ২৭টি কেন্দ্র রাখা হচ্ছে।

নতুন বিধি অনুযায়ী, আবেদনের সময় সাধারণ পরীক্ষার্থীরা যে ভাবে নির্দিষ্ট কেন্দ্র বেছে নিতে পারছেন, সে ভাবেই বিশেষ ভাবে সক্ষমেরাও সুযোগ পাবেন। তবে, নির্দিষ্ট সময়ের পর থেকে সাধারণ পরীক্ষার্থীরা আর নিজেদের পছন্দের শহরে পরীক্ষার জন্য আবেদনের সুযোগ পাবেন না। সেই নিয়ম বিশেষ ভাবে সক্ষমদের জন্য প্রযোজ্য নয়। তাঁরা আবেদনের শেষ দিন পর্যন্ত পছন্দের কেন্দ্র বেছে নিতে পারবেন।

আসনবিন্যাসের ভিত্তিতে বিশেষ ভাবে সক্ষমেরা আগে আবেদনের সময় পছন্দের তিনটি কেন্দ্রের মধ্যে যে কোনও একটিতে পরীক্ষা দিতে পারতেন। এর ফলে বাড়ি থেকে অনেক দূরের কেন্দ্রেও যেতে হত তাঁদের। আবার কখনও পরীক্ষার সময় নির্দিষ্ট কেন্দ্রে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনার অভাব রয়েছে বলেও অভিযোগও মিলেছে। তা খতিয়ে দেখার পরই কমিশনের তরফে জানানো হয়, বিশেষ ভাবে সক্ষম পরীক্ষার্থীরা নাম নথিভুক্তিকরণের সময় যে কেন্দ্র বেছে নেবেন, তাঁরা সেখানেই পরীক্ষা দিতে পারবেন।

Advertisement
আরও পড়ুন