UPSC CSE 2026

সিভিল সার্ভিস পরীক্ষায় পরিচয় যাচাইয়ের জন্য বিশেষ ব্যবস্থা, নয়া নিয়ম জানাল ইউপিএসসি

পরীক্ষার দিনগুলিতে প্রতিটি কেন্দ্রে দেহতল্লাশি (ফ্রিস্কিং), নথি যাচাইয়ের পাশাপাশি, ছবিও মিলিয়ে দেখা হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১

ছবি: সংগৃহীত।

প্রতিযোগিতামূলক পরীক্ষার দিনগুলিতে কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের বায়োমেট্রিক পরীক্ষা, নথি যাচাই করা হয়। তারই সঙ্গে এ বার থেকে তাঁদের মুখমণ্ডল শনাক্তকরণ বা মুখের মাধ্যমে পরিচয় যাচাইও করা হবে। এ ক্ষেত্রে কৃত্রিম মেধা নির্ভর প্রযুক্তির সাহায্য নেবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)।

Advertisement

কী ভাবে পরিচয় যাচাই করা হবে?

পরীক্ষাকেন্দ্রে ঢোকার মুখেই বসানো থাকবে ক্যামেরা। তার সাহায্যে তৎক্ষণাৎ ছবি তুলে সেই ছবির সঙ্গে আবেদনপত্রে দেওয়া ছবি মিলিয়ে দেখা হবে। এর মাধ্যমে ৮-১০ সেকেন্ডের মধ্যেই যাচাইকরণ প্রক্রিয়া শেষ করা হবে।

এই প্রক্রিয়ায় ২০২৫-এ ইউপিএসসি এনডিএ, নেভাল অ্যাকাডেমি, কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় পরীক্ষার্থীদের পরিচয় যাচাইকরণের কাজ পরীক্ষামূলক ভাবে করা হয়েছিল। কমিশন জানিয়েছে, ২০২৬-এর সিভিল সার্ভিস পরীক্ষা থেকে এই নিয়ম কার্যকরা করা হচ্ছে। ২৪ মে ওই পরীক্ষার প্রিলিমস নেওয়া হবে। ওই দিন প্রতিটি কেন্দ্রে দেহতল্লাশি (ফ্রিস্কিং), নথি যাচাইয়ের পাশাপাশি, ছবিও মিলিয়ে দেখা হবে।

এ ছাড়াও প্রশ্ন নিয়ে কোনও সমস্যা থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে জানানোর সুযোগ পান পরীক্ষার্থীরা। এর আগে সাতদিন পর্যন্ত ওই বিষয়ে তথ্য জানতে চাওয়া যেত। ২০২৬ থেকে প্রতিটি পরীক্ষার ক্ষেত্রে ওই সময়সীমা পাঁচ দিন পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে।

পরীক্ষা দেওয়ার নিয়মে কমিশন বদল এনেছে। ২০২৬ থেকে আইএএস কিংবা আইএফএস আধিকারিকেরা পদোন্নতির লক্ষ্যে পুনরায় সিভিল সার্ভিস দিতে পারবেন না। দ্বিতীয় বার কোনও আধিকারিক ওই পরীক্ষা দিতে চাইলে তাঁদের পূর্বে নিযুক্ত পদে ইস্তফা দিতে হবে।

উল্লেখ্য, চলতি বছরের সিভিল সার্ভিসেস-এর জন্য শূন্যপদ রয়েছে ৯৯৩টি। ২০২৫-এ ওই বিভাগের জন্য ১,১০৫টি পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট বিভাগে আবেদনের জন্য ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ইউপিএসসি-র পোর্টাল চালু থাকছে।

Advertisement
আরও পড়ুন