আমির ঠিক কেন এসেছিলেন অরিজিতের বাড়িতে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
জিয়াগঞ্জে অরিজিৎ সিংহের বাড়িতে আমির খান! এই খবর সামনে আসতেই শুরু হয়েছিল নানা জল্পনা। ঠিক কী কারণে মুম্বই থেকে জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে আসার দরকার পড়ল মিস্টার পারফেকশনিস্টের? এই প্রশ্ন ঘিরে দু’-তিন দিন ধরে নানা জল্পনা ঘুরছে। কেউ দাবি করেন, অরিজিৎকে ফের প্লেব্যাক গাওয়ানোর জন্য রাজি করাতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন আমির। কারও আবার দাবি, ‘মহাভারত’ ছবিতে গান গাওয়ানোর জন্য আমির এসেছিলেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, অন্য একটি ছবির গানের জন্য অরিজিতের সঙ্গে দেখা করেছিলেন আমির।
অরিজিৎ সম্প্রতি ছবির প্লেব্যাক গাওয়া থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করলেও যে সব গানের জন্য তিনি ইতিমধ্যেই প্রতিশ্রুতিবদ্ধ, সেগুলি তিনি শেষ করবেন। সূত্রের কথায়, “বেশ কিছু গান এখনও গাওয়া বাকি। কিছু গান রেকর্ড হয়ে গিয়েছে। এই বাকি গানগুলি মুক্তি পেতে পেতে ২০২৭ সাল এসে যাবে। শাহরুখ খানের ‘কিং’ ছবিতেও তো ওঁর গান রয়েছে।”
এমনই আরও একটি ছবি হল আমির খানের ‘এক দিন’। এই ছবিতে গান গাওয়ার প্রতিশ্রুতি নাকি আগেই দিয়ে রেখেছিলেন অরিজিৎ। সেই ছবির গানের রেকর্ডিং ছিল এর মধ্যেই। সাধারণত নিজের ছবির গানের রেকর্ডিং থাকলে আমির নিজেও উপস্থিত থাকেন। সেই জন্যই মুম্বই থেকে এসেছিলেন তিনি। সেই সঙ্গে অরিজিতের সঙ্গে সময় কাটানোও ছিল তাঁর উদ্দেশ্য।
ঘনিষ্ঠ সূত্রের বক্তব্য, “আসলে আমির খান নিজেও শিল্প নিয়ে পাগল একজন মানুষ। বহু আন্তর্জাতিক তারকা অরিজিতের বাড়িতে এসে ঘুরে গিয়েছেন। তাই এ বার আমিরের নিজেরও দেখার ইচ্ছা ছিল। ওঁর মধ্যে তারকাসুলভ কোনও আচরণ নেই। সাধারণ বাড়িতে তৈরি খাবারই খেয়েছেন।”
অরিজিতের বাড়ির ছাদে ঘুড়িও উড়িয়েছেন আমির। এই প্রসঙ্গে অনেকে আবার রাজনীতির প্রসঙ্গ টেনে এনেছেন। তাই সূত্রের কথায়, “আমির এমনিই ঘুড়ি উড়িয়েছেন। অন্য কোনও কারণই নেই। আর এই রাজনীতির খবর যা ছড়াচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। অরিজিৎ এখন ‘ট্রেন্ডিং টপিক’। তাই এ সব ছড়ানো হচ্ছে।”
জিয়াগঞ্জে এসেছিলেন ‘এক দিন’ ছবির পরিচালক সন্দীপ পাণ্ডে ও সঙ্গীত পরিচালক রাম সম্পতও। সঙ্গে ছিলেন অন্য কলাকুশলীরাও। বুধবার ভোরবেলায় মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন আমির।