শাহরুখকে তোপ দেগেছিলেন, এ বার কী নিয়ে ক্ষুব্ধ অভিজিৎ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ছবিতে শাহরুখ খানের কণ্ঠে তাঁর অসংখ্য গান রয়েছে। কিন্তু সব কৃতিত্ব নাকি নিয়ে গিয়েছেন নায়ক নিজেই। এই নিয়ে একাধিক বার ক্ষোভ উগরে দিয়েছেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি এক রিয়্যালিটি শোয়ের মঞ্চে আবার গায়ক বনাম নায়ক বিতর্ক উস্কে দিলেন অভিজিৎ।
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সঞ্চালক আদিত্য নারায়ণ প্রশ্ন করেছিলেন, আজকাল কি কোনও গান জনপ্রিয় হলে তার পরিচিতি শুধু অভিনেতারাই পান? তুলনামূলক ভাবে সঙ্গীতশিল্পীরা কি আড়ালেই থেকে যান? এ বার আর ক়ড়া জবাব দেননি অভিজিৎ। উল্টে তিনি কিছুটা ব্যঙ্গ করেই উত্তর দিয়েছেন।
প্রশ্ন শুনে প্রথমে কিছু ক্ষণ চুপ করে থাকেন অভিজিৎ। তার পরে নির্লিপ্ত কণ্ঠে তিনি বলেন, “হ্যাঁ, ওঁরা খুবই ভাল গাইতে পারেন। কিন্তু সমস্যা একটাই। আমরা মন থেকে গানটা গাই। কখনও কখনও মুখ দিয়েও গান গাই।” অভিজিতের এই মন্তব্যের মধ্যে যে ব্যঙ্গের সুর রয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি অনুরাগীদের। এর আগেও অভিনেতা বনাম সঙ্গীতশিল্পীদের নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছে।
পুরনো এক সাক্ষাৎকারে শাহরুখের কণ্ঠে গান গাওয়া নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ। আক্ষেপের সুরে বলেছিলেন, “আসলে লোকে বলে, ‘শাহরুখের গান’। বুঝেছি, সত্যিই এ তো আমার গান নয়। ও-ই সব করে। আমি কেউ নই।” ‘চলতে চলতে’র ব্যর্থতা নিয়েও কথা বলেছিলেন অভিজিৎ। সেই সময়ে বেশ উষ্মা প্রকাশ করেই তিনি বলেছিলেন, “শাহরুখ ও আমি ছিলাম যমজ ভাইয়ের মতো। কণ্ঠের দিক থেকে তেমনই ছিলাম আমরা। এখন আমি বুঝি, এই গানগুলো আসলে আমার নয়। ওগুলো শাহরুখ নিজেই গেয়েছে, নিজেই লিখেছে। ছবিটাও শাহরুখ তৈরি করেছে। চিত্রগ্রাহকও শাহরুখ। সবই শাহরুখ। আমি আর কী করতে পারি!”