Abhishek Bachchan

অমিতাভ ও ঐশ্বর্যার সঙ্গে তুলনা! ৫টি ছবিতে নীরবে অভিনেতা হিসাবে নিজেকে প্রমাণ করেছেন অভিষেক

এখনও নিন্দকদের দাবি, অভিষেকের প্রথম পরিচয়, তিনি অমিতাভ-পুত্র। শুধু বাবা নয়। এমনকি, স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও তুলনা করা হয়েছে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৬
পাঁচটি ছবি বদলে দিয়েছে অভিষেকের ভাবমূর্তি

পাঁচটি ছবি বদলে দিয়েছে অভিষেকের ভাবমূর্তি গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দেখতে দেখতে ৫০ বছরের জন্মদিন অভিষেক বচ্চনের। অভিনয় জীবনেরও ২৫ বছর হয়ে গিয়েছে তাঁর। কিন্তু আজও বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনার শিকার হতে হয় তাঁকে। এখনও নিন্দকদের দাবি, অভিষেকের প্রথম পরিচয়, তিনি অমিতাভ-পুত্র। শুধু বাবা নয়। এমনকি, স্ত্রী ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গেও তুলনা করা হয়েছে তাঁকে।

Advertisement

এই প্রসঙ্গে এক বার অভিষেক নিজেই বলেছিলেন, “এই সফর কখনওই সহজ নয়। তবে এখন আমার অভ্যাস হয়ে গিয়েছে। বাবার সঙ্গে তুলনা করা হচ্ছে মানে, সবচেয়ে সেরার সঙ্গেই আমাকে তুলনা করা হচ্ছে। আর সবচেয়ে সেরার সঙ্গে তুলনার অর্থ, আমি নিশ্চয়ই এই যোগ্য নামগুলির মধ্যে জায়গা তৈরি করতে পারছি। আমি বিষয়টিকে এই ভাবেই দেখি।”

‘রিফিউজি’(২০০০) ছবি থেকে অভিনয়ের পথচলা শুরু হয়েছিল অভিষেকের। তার পর থেকে নানা চড়াই উতরাইয়ের মধ্যে কেটেছে তাঁর এই সফর। তবে চিত্রসমালোচকদের কাছে বরাবর নির্দিষ্ট কয়েকটি ছবিতে অভিষেকের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে। অনুরাগীদের মতে, অভিনয় দক্ষতা বুঝতে হলে অভিষেকের এই ছবিগুলি দেখতেই হবে। সেগুলি কী কী?

১) যুবা (২০০৪): লল্লন সিংহের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক। এই ছবি অভিষেকের সফরের মো়ড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। কলকাতার বস্তির বাসিন্দা লল্লন সিংহ স্বভাবে হিংস্র, ঠোঁটকাটা। নিজেকে এই চরিত্রের জন্য ভেঙেচুরে দিয়েছিলেন অভিষেক। বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায়। দু’জনের রসায়নও সাড়া ফেলে দিয়েছিল।

২) গুরু (২০০৭): চরিত্রের নাম গুরুকান্ত দেসাই ওরফে গুরু। শিল্পপতি ধীরুভাই অম্বানীর জীবন নিয়ে এই ছবি তৈরি বলে শোনা যায়। চরিত্রটি উচাকাঙ্ক্ষী এবং তার ক্ষুরধার বুদ্ধি। এই চরিত্রেও একেবারে অন্য ভাবে নিজেকে তুলে ধরেছিলেন অভিষেক। অভিনয়ের জন্য প্রশংসিত হন বিভিন্ন মহলে। বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন।

৩) দসবি (২০২২): গঙ্গারাম চৌধুরী নামের এই চরিত্রে অভিষেকের অভিনয় দেখার মতো বলে দাবি অনুরাগীদের। জাট রাজনীতিবিদ গঙ্গারাম শিক্ষাক্ষেত্রের দুর্নীতিতে অভিযুক্ত হন এবং বিচারবিভাগীয় হেফাজতে

রাখা হয় তাঁকে। এই চরিত্রের জন্য চেহারাতেও বদল এনেছিলেন। এই চরিত্রের সঙ্গে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার মিল রয়েছে বলে শোনা যায়।

৪) আই ওয়ান্ট টু টক(২০২৪): এই ছবি অভিষেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ঐশ্বর্যার সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়িয়েছিল। সেই সময়ে মুক্তি পায় এই ছবি। অর্জুন সেন নামে এক ‘সিঙ্গল ফাদার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের জন্য ওজনও বাড়িয়েছিলেন বেশ কিছুটা।

৫) কালীধর লাপতা (২০২৫): মধ্যবয়সি ব্যক্তি কালীধরের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক। পরিবারের বড় ছেলে সে। দুই ভাইয়ের দেখভাল করতেই জীবন কেটেছে তার। প্রয়োজনে নিজের স্বপ্নও ত্যাগ করেছে। অবশেষে স্মৃতিভ্রম হয় তার। তখন সেই ভাইয়েরাই কালীধরকে বোঝা হিসাবে দেখতে শুরু করে। ছবিটি সমালোচকমহলে প্রশংসিত।

Advertisement
আরও পড়ুন