ধনুষকে নিয়ে হাসাহাসি হত? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
ধনুষ এখন তাঁর আসন্ন ছবি ‘কারা’র মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বিগ্নেশ রাজা পরিচালিত এই ছবিটি একটি অ্যাকশন থ্রিলার। তাই লড়াইয়ের দৃশ্য নিয়ে বিশেষ ভাবে কাজ করতে হয়েছে তাঁকে। প্রচার সংক্রান্ত এক অনুষ্ঠানে ‘কারা’ নিয়ে নানা কথা বলেন ধনুষ। সেই সঙ্গে জানান, শুরুর দিকে মানুষ তাঁকে নিয়ে মজা ও মশকরা করেছেন। কিন্তু তিনি সব সময়ে নিজের উপর বিশ্বাস রেখেছিলেন।
২০০৭ সালে ‘পোল্লাধাবন’ নামে একটি দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন ধনুষ। মুক্তির পরে ছবিটি ব্যাপক প্রশংসা পেয়েছিল। ধনুষ জানান, এই ছবিটি তাঁর কর্মজীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তিনি বলেন, “‘পোল্লাধাবন’ আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তার আগে মানুষ আমাকে খুব রোগা বলে ডাকত। হঠাৎ যখন আমি সিক্স-প্যাক নিয়ে হাজির হলাম, তখন প্রথম বার আমার শরীর দেখে মানুষ হাততালি দেয়। উচ্ছ্বাস প্রকাশ করে। তাই এই ছবি আমার জন্য খুব বিশেষ।”
নানা প্রতিকূলতার মধ্যেও আত্মবিশ্বাস জরুরি বলে মনে করেন দক্ষিণী তারকা। তাই অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, “‘তুমি যেমন ভাবো, তুমি তেমনই হয়ে ওঠো’— এই কথা ভাগবৎগীতা থেকে নেওয়া। নিজেদের সাফল্য নিয়ে কোনও সন্দেহ রাখা উচিত নয়। আমাদের ভাবনাকে নিজেদেরই বাস্তব রূপ দিতে হয়। ২০০২-২০০৩ সালে আমি যদি বলতাম যে, আমি এক দিন জাতীয় পুরস্কার পাব, অনেকেই হয়তো হাসত। কিন্তু আমি দৃঢ় ভাবে বিশ্বাস করতাম যে এক দিন আমি এই পুরস্কার পাবই।” নিজের প্রতিজ্ঞাকে বাস্তব রূপ দিয়েছিলেন ধনুষ। সত্যিই তিনি জাতীয় পুরস্কার জিতেছিলেন।
উল্লেখ্য, আসন্ন ‘কারা’ ছবিতে ধনুষ একজন ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন, দিনের আলোতেই ব্যাঙ্ক ডাকাতি করে এবং তার ফল ভোগ করে। ছবির ঝলক ইতিমধ্যেই সমাজমাধ্যমে সাড়া ফেলেছে। ছবিটি ৩০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।