Govinda-Sunita Ahuja

‘গোবিন্দের মতো ছেলে চাই, কিন্তু স্বামী নয়’, ফের কেন ক্ষোভ উগরে দিলেন স্ত্রী সুনীতা আহুজা?

গোবিন্দের মহিলা অনুরাগীদের নিয়ে কি ঈর্ষান্বিত সুনীতা? প্রশ্ন করতেই তিনি জানান, নিজের স্বামীর উপর যথাযথ বিশ্বাস থাকলে এটা কোনও সমস্যাই হতে পারে না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৯:৫৩
ফের গোবিন্দকে নিয়ে ক্ষোভপ্রকাশ সুনীতার

ফের গোবিন্দকে নিয়ে ক্ষোভপ্রকাশ সুনীতার ছবি: সংগৃহীত।

গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা গত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে। গোবিন্দ বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন বলে দাবি করেছিলেন সুনীতা। তার পর থেকেই নানা বিতর্ক তাঁদের ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা বলেছেন যে, গোবিন্দের মতো সন্তান চান তিনি। কিন্তু স্বামী হিসাবে গোবিন্দকে চান না।

Advertisement

এক সাক্ষাৎকারে সুনীতা আরও এক বার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কথা বলেন। সুনীতার দাবি, গোবিন্দ এক জন ভাল পুত্র ও বাবা হলেও, স্বামী হিসেবে ততটা সফল নন।

গোবিন্দের মহিলা অনুরাগীদের নিয়ে কি ঈর্ষান্বিত সুনীতা? প্রশ্ন করতেই তিনি জানান, নিজের স্বামীর উপর যথাযথ বিশ্বাস থাকলে এটা কোনও সমস্যাই হতে পারে না। সুনীতা আরও বলেন, “এখন সবাই গুঞ্জন ছড়ায় সমাজমাধ্যমেই। তারা যা খুশি বলে। এগুলোতে আমাদের গুরুত্ব দেওয়ার কোনও দরকার নেই। আমাদের নিজের বাড়িতে কী হচ্ছে সেটা দেখা উচিত। যতদিন গোবিন্দের মা বেঁচে ছিলেন, তিনি খুব ভাল ছিলেন।”

সাক্ষাৎকারে সুনীতা আহুজা তাঁদের বিয়ে নিয়ে আরও বলেন, “আমি আবার বলছি, গোবিন্দ এক জন ভাল ছেলে, ভাল ভাই। কিন্তু স্বামী হিসাবে আমি যা চাই, তা তিনি নন। আমি পার্টি করতে, রেস্তরাঁয় খেতে যেতে, ঘুরতে খুব ভালবাসি। কিন্তু তিনি পুরো সময় পরিবারকে দেখাশোনা করতেই ব্যস্ত ছিলেন, নিজের জন্য কিছুই উপভোগ করেননি। তাঁর ৬০ বছর বয়স হয়ে গিয়েছে। কিন্তু তিনি নিজের জন্য কখনও বাঁচেননি।”

নিজের জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে গোবিন্দ-পত্নী বলেন, “আমার খারাপ লাগে। তুমি এত বড় সুপারস্টার! কিন্তু জীবনে কী দেখলে? কিছুই না। আমি সব সময় বলি, আমি গোবিন্দর মতো ছেলে চাই। কিন্তু স্বামী নয়। এখন আর আফসোস করে লাভ নেই, এখন তাঁকে ছেড়ে যাওয়াও সম্ভব নয়। ৪০ বছর হয়ে গিয়েছে একসঙ্গে আছি। এখন এটা ভাবাও অপরাধের মতো।”

গোবিন্দ ও সুনীতা আহুজা ১৯৮৭ সালের ১১ মার্চ বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান রয়েছে— টিনা আহুজা ও যশবর্ধন আহুজা।

Advertisement
আরও পড়ুন