Aamir Khan marriage

‘নারীদের পছন্দের ক্ষেত্রেও ওঁর রুচি দারুণ’! গৌরীকে বিয়ের আগেই আমিরকে খোঁচা দিলেন কাজল?

তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। যে ধরনের নারী আমিরের পছন্দ, তা নিয়ে এ বার মশকরা করলেন কাজল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ১৬:৪৫
আমির-গৌরীর বিয়ে, খোঁচা দিলেন কাজল!

আমির-গৌরীর বিয়ে, খোঁচা দিলেন কাজল! ছবি: সংগৃহীত।

সম্প্রতি বিয়ের খবরে সিলমোহর দিয়েছেন আমির খান। আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ৬০ বছরের জন্মদিনে। সেই গৌরীকেই আগামী ৫ জুলাই বিয়ে করছেন আমির। তৃতীয় বার বিয়ের পিঁড়িতে বসছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। যে ধরনের নারী আমিরের পছন্দ, তা নিয়ে এ বার মশকরা করলেন কাজল।

Advertisement

১৫ জুন ‘লগান’ ছবির ২৫ বছর পূর্ণ হচ্ছে। শনিবার মুম্বইয়ে হয়ে গেল ২৫ বছর পূর্তির উদ্‌যাপন। উপস্থিত ছিলেন ছবির পরিচালক আশুতোষ গোয়ারিকর, অভিনেতা আমির খান এবং ছবির অন্য কলাকুশলীরা। অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউডের অন্য তারকারাও। তাঁদের মধ্যে ছিলেন সলমন খান, করিনা কপূর খান, কাজল, জুহি চাওলা, আমিরের পুত্র জ়ুনেইদ খান এবং ভাগ্নে ইমরান খান ও তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন।

অনুষ্ঠানে আমির এসেছিলেন তাঁর প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে। পাশাপাশি আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং রিনা দত্তও তাঁদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে ‘ফনাহ্‌’ এবং ‘ইশ্‌ক’ ছবিতে আমিরের সঙ্গে কাজ করার কথা বলেন কাজল। তখনই অভিনেতার প্রেমজীবন নিয়ে তিনি মজার মন্তব্য করেন।

আমিরকে নিয়ে কথা বলার জন্য কাজল ও জুহি চাওলাকে মঞ্চে ডাকা হয়েছিল। মঞ্চে উঠে কাজল বলেন, “আমির খান সম্পর্কে একটা কথা বলা যায়, তাঁর প্রযোজনা সংস্থা প্রমাণ করেছে যে ছবি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর রুচি অসাধারণ। ‘লগান’ থেকে শুরু করে এখনও পর্যন্ত তাঁর ছবির নির্বাচন দারুণ। আর মহিলাদের পছন্দের ক্ষেত্রেও তাঁর রুচি খুব ভাল।”

কাজলের এই মন্তব্য শুনে আমির হেসে ফেলেন। তাঁকে কিছুটা লজ্জিতও দেখায়। দর্শকেরাও হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানান।

উল্লেখ্য, বিয়ের খবর কি সত্যি? এই প্রশ্নের উত্তরে আমির বলেন, “এখন আমি আমেরিকা যাচ্ছি। তবে বিয়ের যে খবর ছড়িয়েছে তা সত্যি। ৫ জুলাই বিয়েটা হচ্ছে।” আমিরের তৃতীয় বিয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনুরাগীরা। তবে নিন্দকেরা কটাক্ষও করছেন।

ঘনিষ্ঠ পরিজনের মধ্যে বিয়ে করছেন আমির ও গৌরী। ২০২৫ সালে নিজের ৬০ বছরের জন্মদিনে গৌরীর সঙ্গে সকলের পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। এ বার তাঁদের গাঁটছড়া বাঁধার পালা।

Advertisement
আরও পড়ুন