Aamir Khan Birthday

‘আমরা যেখানে ছবি নিয়ে ভাবা ছেড়ে দিই, আমির ভাই সেখান থেকেই সব ভাবনা শুরু করেন’

১৪ মার্চ অভিনেতা আমির খানের জন্মদিন। ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে তাঁর সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য। আমিরের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা।

Advertisement
দিব্যেন্দু ভট্টাচার্য
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৮:৫৭
আমির খানের জন্মদিনে কোন গোপন কাহিনি শোনালেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য?

আমির খানের জন্মদিনে কোন গোপন কাহিনি শোনালেন অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য? ছবি: সংগৃহীত।

আমির ভাইয়ের সঙ্গে কাজ করা অনেকটা স্বপ্নের মতো। সবাই তো ওঁকে ‘পারফেকশনিস্ট’ বলেন। কাছ থেকে দেখার পরে বুঝলাম মানুষটার একাগ্রতা। ‘মঙ্গল পাণ্ডে’ ছবিতে একসঙ্গে কাজ করেছি আমরা। কেউ বলতেই পারবেন না উনি বলিউডের প্রথম সারির নায়ক। খুব সহজে মিশে যেতে পারেন সকলের সঙ্গে। আর খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতে পারেন। সেটাই শেখার।

Advertisement

আমার বাড়িতেও এসেছেন উনি। এমন খাদ্যরসিক নায়ক আমি খুব কম দেখেছি। খেতে ভীষণ ভালবাসেন। সে দিন আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাংস, সর্ষে দিয়ে মাছের ঝাল, ভাত আর অনেক ধরনের তরকারি। সবটা চেটেপুটে খেয়েছিলেন। পাশের মানুষকে বুঝতেই দেন না তাঁর পরিধি কতটা বড়। ওঁর সারা দিন ছবি নিয়ে ভাবতেই কেটে যায়।

শুটিং ফ্লোরেও নায়কসুলভ কোনও হাবভাব দেখিনি। আউটডোর শুটিংয়ে গিয়ে আরও বেশি করে এই অনুভূতি হয়েছে আমার। সেটে সবাই আমরা একসঙ্গে খাই। তা সে আমির ভাই হোন কিংবা অন্য কেউ। নিজেদের ভ্যানে একা একা খেয়ে নিলাম, সেটা নয়। সবার জন্য যা খাবার আসে, আমির ভাই আমাদের সঙ্গে বসে সেটাই খান। আর যদি শুটিংয়ের ফাঁকে একটু ছুটি পাওয়া যায়, তা হলে আর কোনও কথাই নেই। উনি দাবা খেলতে খুব ভালবাসেন। আমি হেরেও গিয়েছিলাম ওঁর কাছে। তবে ক্রিকেট খেলায় আমরা দু’জনেই ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছিলাম। আসলে কী বলুন তো, আমরা যেখানে সিনেমা নিয়ে চিন্তা করা ছেড়ে দিই, সেখান থেকেই আমির ভাই ভাবা শুরু করেন। জন্মদিনে তাই ভাইয়ের সুস্থতা ছাড়া আর কিছু প্রার্থনা করার নেই।

Advertisement
আরও পড়ুন