Film on Uttam Kumar

বড়পর্দায় ফিরছেন ‘উত্তমকুমার’! কোন ছবিতে আবার দেখা যাবে তাঁকে?

খবর আগাম জানতে পেরেছে আনন্দবাজার ডট কম। ক্যামেরার সামনে ‘উত্তমকুমার’ সেজে কেমন অনুভূতি তথাগতের?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৬
'গুনগুন করে মন মহুয়া' ছবির শুট চলছে।

'গুনগুন করে মন মহুয়া' ছবির শুট চলছে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পর্দায় আবার উত্তমকুমার! শুনে চমকে উঠবেন না। এর থেকেও বড় চমক, শনিবার তিনি শুট করেছেন। রবিবার তিনি বাড়ির পাখা সারাইয়ের কাজে ব্যস্ত!

Advertisement

এই খবর আপাতত আর কেউ জানে না। ঘনিষ্ঠ সূত্র মারফত জেনেছে আনন্দবাজার ডট কম। আরও খবর, প্রযোজক রানা সরকারের ‘গুনগুন করে মন মহুয়া’ ছবিতে ফিরছেন ‘উত্তমকুমার’। এ বার তাঁকে পর্দায় জীবন্ত করবেন অভিনেতা-পরিচালক-প্রযোজক তথাগত মুখোপাধ্যায়। ইতিমধ্যেই শুটিংয়ের একটি ছবি রানা সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। সেখানে অবশ্য কোনও অভিনেতারই মুখ দেখা যাচ্ছে না। তবে খুঁটিয়ে দেখলে আদল স্পষ্ট।

বেশ কিছু দিন ধরে উত্তর কলকাতার হেদুয়া অঞ্চল সংলগ্ন একটি বাড়িতে ছবির শুট চলছে। শুটের শুরুতে কলাকুশলীদের সঙ্গে সমস্যাতেও জড়িয়ে পড়েছিলেন প্রযোজক। খবর ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সেই ঝঞ্ঝাট ‘অতীত’। শনিবার থেকে শুট শুরু হয়েছে তথাগতের অংশের। মহুয়া যখন অভিনয়ে এসেছিলেন, তখন উত্তমকুমার মধ্যবয়সি। তাঁর চেহারাও ভারিক্কি। তা-ই কি তথাগত?

রানা আনন্দবাজার ডট কম-এর সঙ্গে এ বিষয়ে কিছু বলেননি। অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন তথাগত। তাঁর কথায়, ‘‘এর আগে ইন্ডাস্ট্রির বেশ কিছু মানুষ আমার মধ্যে উত্তমকুমারের আদল খুঁজে পেয়েছেন। পরিচালক অভিজিৎ চৌধুরী যেমন সুচিত্রা সেনের জীবনীছবি বানানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন। সেখানে তিনি রাইমা সেনকে সুচিত্রা সেন এবং আমায় উত্তমকুমার বেছেছিলেন। যদিও ছবিটি হয়নি।’’ যেহেতু, এই ছবিতে উত্তমকুমারের অংশ কম, তাই আলাদা করে তথাগত কোনও মহড়া দেননি। পরিচালক রাজদীপ ঘোষ, কাহিনি-চিত্রনাট্যকার অর্কদীপ মল্লিকা নাথের সঙ্গে আলোচনা করে শুট করছেন।

পরনে সাদা ধুতি আর সাদার উপর ডোরাকাটা ‘টুইল’-এর শার্ট পরেছেন অভিনেতা। তাঁর কথায়, ‘‘মা উত্তমকুমারের অন্ধ ভক্ত। ছোট থেকে আমাদের বাড়ি উত্তমময়! আজও সুযোগ পেলেই ‘নায়ক’, ‘বাঘবন্দী খেলা’, ‘'স্ত্রী’, ‘অগ্নীশ্বর’, ‘সন্ন্যাসী রাজা’ দেখি। ফলে আমার উপর ওঁর প্রভাব আছেই।’’

প্রসঙ্গত, উত্তম-মহুয়া একাধিক ছবিতে অভিনয় করেছেন। তালিকায় ‘সূর্যসাক্ষী’, ‘শাপমুক্তি’, ‘সেই চোখ’ ইত্যাদি। ইন্ডাস্ট্রি জানে, মহুয়ার সঙ্গে তিলক চক্রবর্তীর বিয়ে দিয়েছিলেন অভিনেতা স্বয়ং। সে সব ছবিতে দেখানো হবে? এ বিষয়ে নীরব তথাগত।

Advertisement
আরও পড়ুন