Imran Khan

আমির খানের ভাগ্নের বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ! বাধ্য হয়ে মুখ খুললেন ইমরানের প্রেমিকা লেখা

লেখার সঙ্গে সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক করেননি ইমরান। ২০২০ সাল থেকে তাঁরা সম্পর্কে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১
Actor Imran Khan’s girlfriend Lekha Washington reacted to trolls

(বাঁ দিকে) আমির খান। ইমরান খানের সঙ্গে তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অভিনেতা ইমরান খানের বিরুদ্ধে ‘লভ জিহাদ’-এর অভিযোগ। নানা রকমের ট্রোলিং-এর সম্মুখীন হন তারকারা। তবে সে সবে খুব একটা কর্ণপাত করেন না আমির খানের ভাগ্নে ইমরান। কিন্তু এ বার চুপ থাকলেন না তাঁর প্রেমিকা লেখা ওয়াশিংটন।

Advertisement

লেখার সঙ্গে সম্পর্ক নিয়ে কখনও কোনও রাখঢাক করেননি ইমরান। ২০২০ সাল থেকে তাঁরা সম্পর্কে। সম্প্রতি ‘হ্যাপি পটেল’-এর প্রদর্শনে ইমরানের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল। তার পর থেকেই কটাক্ষের মুখে ইমরান ও লেখা।

সমাজমাধ্যমে কটাক্ষকারীদের একহাত নিলেন লেখা। ইমরানের সঙ্গে তাঁর সম্পর্ককে ‘লভ জিহাদ’ বলে খোঁচা দেওয়ায় হাসিমুখেই অসন্তোষ প্রকাশ করলেন লেখা। ভিডিয়োর মাধ্যমে লেখা জানান, তিনি একাধিক জাতি ও ধর্মের অংশ। তাই ব্যঙ্গের সুরেই লেখা বলেন, “আমার জীবনে যা লভ জিহাদ হওয়ার ছিল, হয়ে গিয়েছে।” লেখা জানান, তিনি নিজে কিছুটা বার্মিজ়, কিছুটা ইটালিয়ান, কিছুটা পঞ্জাবি। বড় হয়েছেন আবার দক্ষিণ ভারতে। আবার একসময় রোমান ক্যাথলিক বাবার সঙ্গে উত্তর ভারতের দিকে চলে যান। বাবা রোমান ক্যাথলিক হলেও, আসলে ‘অ্যাগনস্টিক’ (যাঁরা ঈশ্বরের অস্তিত্ব আছে কি নেই, তা নিয়ে অনিশ্চিত) ছিলেন।

এখানেই শেষ নয়। লেখা জানান, তাঁর বাবার মধ্যে কিছুটা হিন্দু যোগও ছিল। আর বাবার মা ছিলেন মুসলিম পরিবারের। তাই তাঁর জন্য তথাকথিত ‘লভ জিহাদ’ কোনও নতুন বিষয়ই নয়। হাসতে হাসতেই কটাক্ষের সুরে বলেন ইমরানের প্রেমিকা।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারেও এই বিষয়ে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, “আমার ছবি ও ভিডিয়ো ভাগ করে ঘৃণা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমন বার্তা দেওয়া হচ্ছে, যার সম্পূর্ণ বিপরীত ভাবনা আমার। তাই মজা করেই এই ভিডিয়োটা করার দরকার ছিল।”

লেখার আগে অবন্তিকা মালিকের সঙ্গে দীর্ঘ দাম্পত্য ছিল ইমরান খানের। তাঁরা ২০১১ সালে বিয়ে করেছিলেন। তবে সম্পর্কে ওঠাপড়ার জন্য ২০১৯ সালে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে।

Advertisement
আরও পড়ুন