মা হতে চলেছেন করিশ্মা তন্না! ছবি: সংগৃহীত।
অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীর পরে জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন করিশ্মা তন্না। হিন্দি ছোটপর্দার চেনা মুখ তিনি। বেশ কিছু আলোচিত ধারাবাহিকে অভিনয়ও করেছেন। বিয়ের চার বছর পরে মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী। জানালেন শীঘ্রই পরিবারে আসতে চলেছে নতুন অতিথি।
স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন করিশ্মা, যা দেখে বোঝা যাচ্ছে, তাঁরা ঠিক কতটা উত্তেজিত। অভিনেত্রী লেখেন, “ছোট্ট চমক আসতে চলেছে। বড় উপহার আসতে চলেছে অগস্টে।” দু’জনেরই মাথায় রয়েছে টুপি। যেখানে লেখা মা এবং বাবা। বোঝা গেল, অগস্টেই ভূমিষ্ঠ হবে তাঁদের প্রথম সন্তান। সুখবর প্রকাশ্যে আসতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগী থেকে বলিপাড়ার অনেকেই।
বিশেষ ছবি দিয়ে ঘোষণা করলেন অভিনেত্রী। ছবি: ইনস্টাগ্রাম।
উল্লেখ্য, করিশ্মা ও বরুণ ২০২১ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। সেই বছরেই বাগ্দান সারেন তাঁরা। ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চারহাত এক হয়। বিয়ের পর থেকে নিজেদের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রেখেছেন তাঁরা। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পান অভিনেত্রী। এ ছাড়া, ‘বিগ বস ৮’ এবং ‘খতরো কে খিলাড়ি ১০’-তেও দেখা গিয়েছে তাঁকে। পরবর্তীকালে ‘সঞ্জু’ এবং ‘স্কুপ’-এ অভিনয় করে তিনি বিপুল প্রশংসা পেয়েছিলেন।