Adrija Roy

‘বাংলা সিরিয়ালে এত বিয়ে করেছি’! অবাঙালি প্রেমিকের সঙ্গে বাগ্‌দান সারা, কী ভাবে বিয়ে হবে অদ্রিজার?

চলতি বছরের শুরুতে মুম্বই থেকে দূরে শাহপুরের বাগ্‌দত্তের বাগানবাড়িতে দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে বাগ্‌দান সারেন অদ্রিজা রায়। এ বার বিয়ের পালা। কবে হচ্ছে বিয়ে?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৯:৫৮
অদ্রিজা রায়ের বিয়ে নিয়ে কী পরিকল্পনা?

অদ্রিজা রায়ের বিয়ে নিয়ে কী পরিকল্পনা? ছবি: সংগৃহীত।

আড়িয়াদহের মেয়ে তিনি। বাংলা সিরিয়ালের মাধ্যমে সিনেমা জগতে হাতেখড়ি। যদিও এখন তিনি চুটিয়ে হিন্দি সিরিয়ালে কাজ করছেন। ‘অনুপমা’, ‘কুণ্ডলী ভাগ্য’-এর মতো হিট ধারাবাহিকের মুখ অদ্রিজা। চলতি বছরের শুরুতেই বাগ্‌দান সারেন অদ্রিজা। পাত্র বিগ্নেশ আইয়ার দক্ষিণ ভারতীয়। চলতি বছরের শুরুতে মুম্বই থেকে দূরে শাহপুরের বাগদত্তের বাগানবাড়িতে দক্ষিণ ভারতীয় রীতিনীতি মেনে বাগ্‌দান সারেন অভিনেত্রী। এ বার বিয়ের পালা।

Advertisement

কলকাতাকে মিস্ করেন অদ্রিজা। তিন ঘণ্টার ফ্লাইটের রাস্তা যদি ত্রিশ মিনিটের ক্যাব সফরে রূপান্তিরত হত, সেই ইচ্ছা প্রকাশ করেছেন। অদ্রিজার কথায়, ‘‘আসলে কলকাতায় মানুষজন, পরিবার তো রয়েছে। তার থেকেও বেশি মিস্‌ করি আমার বাড়িকে, যেখানে ২২টা বছর কাটিয়েছি। তবে সে সব যেমন রয়েছে, তেমন কেরিয়ারও রয়েছে।’’ আপাতত কলকাতায় ফেরার পরিকল্পনা নেই, হাতে ঠাসা কাজ অদ্রিজার, সকাল ৭টা থেকে শুরু হয় শুটিং, চলে রাত ১০টা পর্যন্ত। দম ফেলার ফুরসত নেই। তার মধ্যেই বিয়ে নিয়ে পরিকল্পনা শুরু হয়েছে গুটি গুটি পায়ে। আপাতত কাজেই মন দিতে চান অদ্রিজা। অভিনেত্রী জানান, এই মুহূর্তে কাজের প্রতি দায়বদ্ধতা সবার আগে, কারণ বিয়ের পর তিনটে মাস একটু বিশ্রাম চান।

তবে অদ্রিজা কলকাতায় বিয়ে করতে চান না। এমনকি, মুম্বইয়েও নয়। এখনও হবু স্বামীর সঙ্গে আলোচনা চলছে। অদ্রিজার কথায়, ‘‘ আমরা বাইরে কোথাও গিয়ে বিয়ে করব। তবে এই মুহূর্তে দু’জনেই কাজ নিয়ে অসম্ভব ব্যস্ত। তবে কলকাতায় বিয়ের অনুষ্ঠান না হলেও বিয়ের নিয়মকানুন সব বাঙালি মতেই হবে। কারণ, বাগ্‌দানটা হয়েছিল দক্ষিণ ভারতীয় মতে।’’ তবে অদ্রিজা কাজের ফাঁকে ফাঁকে পরিকল্পনা শুরু করেছেন। চলতি বছরের শেষে বিয়ের প্রস্তুতি শুরু করার ইচ্ছে রয়েছে তাঁর। অদ্রিজা অভিনেত্রী, তবে তাঁর হবু স্বামী এই সবের থেকে বহু যোজন দূরে। বিগ্নেশের পারিবারিক ব্যবসা। এ ছাড়াও মুম্বইয়ে কিছু দক্ষিণী খাবারের রেস্তরাঁ আছে তাঁদের। শ্বশুরবাড়ি ঠাণেতে। তার বাইরে শাহপুরে একটি খামারবাড়ি ও ২০০টির বেশি সারমেয় আছে।

Advertisement
আরও পড়ুন