হলিউডে গিয়ে কী করছেন রানি মুখোপাধ্যায়ের দেওর উদয় চোপড়া। ছবি: সংগৃহীত।
বলিউডে খুব একটা দাগ কাটতে পারেননি অভিনেতা উদয় চোপড়া। দীর্ঘ দিনের বিরতির পরে ‘ধুম ৩’-তে শেষ অভিনয় করেছিলেন তিনি। তার পর যেন হঠাৎই হারিয়ে যান উদয়। বাবা যশ চোপড়া ও দাদা আদিত্য চোপড়া— দু’জনেই বলিউডের সফল প্রযোজক। দাদার স্ত্রী, রানি মুখোপাধ্যায় বলিউডের প্রথম সারির নায়িকা। তবু বাড়ির ছোটছেলের কর্মজীবন দাঁড় করাতে পারেননি। বলিউডে বেশ কিছু ছবির ব্যর্থতার পর সব ছেড়ে দিয়ে ২০১৩ সালে আমেরিকা চলে যান উদয়। ১৬ বছর কেটে গিয়েছে! সেখানে এখন কোন পেশায় রয়েছেন তিনি?
২০০০ সালে ‘মহব্বতেঁ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন উদয়। একাধিক তারকা নিয়ে তৈরি এই ছবি বক্সঅফিসে রমরমিয়ে ব্যবসা করে। একঝাঁক নতুন অভিনেতা-অভিনেত্রী নিয়ে তৈরি এই ছবির মূল আকর্ষণ যদিও ছিলেন অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। তার পরে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’, ‘নীল অ্যান্ড নিকি’, ‘পেয়ার ইমপসিবল’-এর মতো ছবিতে নায়ক হিসাবে কাজ করেন উদয়। তবে সাফল্য আসেনি। ২০১০ সালে প্রিয়ঙ্কা চোপড়ার বিপরীতে ‘পেয়ার ইমপসিবল’ ছবিটি যখন বক্সঅফিসে মুখ খুবড়ে পড়ে, সেই সময়েই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন উদয়। অভিনয় ছাড়ার পরে হলিউডে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবেন উদয়। পাশাপাশি ‘যশরাজ ফিল্মস’কে প্রসারিত করার চিন্তাভাবনা শুরু করেন। তবে উদয় বুঝে যান, ভারতে বসে এ কাজ তাঁর পক্ষে করা সম্ভব হবে না। যেমন ভাবনা তেমন কাজ। তিনি মুম্বই ছেড়ে চলে যান লস অ্যাঞ্জেলসে।
সেখানকার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে একটি প্রোডাকশন ওয়ার্কশপে ভর্তি হয়ে একেবারে শূন্য থেকে শুরু করেন তিনি। উদয় স্মৃতিচারণ করে বলেন, “আদি (দাদা আদিত্য) আমাকে বলেছিল, ‘বলিউডে কোনও নিয়ম নেই। ওয়াইআরএফ-এর নিজস্ব কিছু নিয়ম আছে, যা আমরা এখানে মেনে চলি। কিন্তু, হলিউডে তুমি একজন ছোটখাটো শিল্পী এবং তোমাকে ওদের নিয়মই মানতে হবে।’ ও আমাকে বলেছিল, ‘সবকিছুর জন্য মন খোলা রাখো। তোমার পছন্দমতো সিনেমা বানানোর জন্য যা যা করা দরকার, তাই করো।’” দাদার দেওয়া সাহসে ভর করেই কর্মজীবনের নতুন একটা দিকে পা বাড়ান উদয়। এর পরে ২০১৩ সালে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজ়ির শেষ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
২০১৪ সালে, হলিউডের দুটি ছবিতে তিনি সহ-প্রযোজনা করেন। তার একটি অলিভিয়ের দাহানের ‘গ্রেস অফ মোনাকো’, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেন নিকোল কিডম্যান। এর পরে তিনি আরেকটি সহ-প্রযোজনা করেন, পিটার গ্লানজের রোমান্টিক কমেডি ‘দ্য লঙ্গেস্ট উইক’, যেখানে অভিনয় করেন অলিভিয়া ওয়াইল্ড এবং জেসন বেটম্যান। দুটি চলচ্চিত্রই প্রযোজনা করেছিল ওয়াইআরএফ এন্টারটেইনমেন্ট, যা ওয়াইআরএফ-এর একটি সহযোগী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তৈরি করেছেন উদয় নিজে। যদিও বহু বছর পর বলিউডে ফিরলেন উদয়। তবে অভিনয়ে নয়, আলিয়া ভট্ট ও ববি দেওল অভিনীত ‘আলফা’ ছবিতে সহযোগী চিত্রনাট্যকার হিসাবে উদয়ের নাম চোখে পড়েছে দর্শকের।