RSS centenary program

আরএসএস-এর শতবর্ষ উদ্‌যাপনে সলমনের পরে ভিকি, অনন্যা! আর কোন তারকার উপস্থিতি চমকে দিল?

রাজনৈতিক দলের ব্যক্তিত্বেরাই শুধু নন, রবিবার উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতারাও। কয়েক জন তারকার নাম দেখে হতবাক নেটাগরিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১১
সলমনের পরে অনন্যা ও ভিকিও উপস্থিত আরএসএস-এর অনুষ্ঠানে।

সলমনের পরে অনন্যা ও ভিকিও উপস্থিত আরএসএস-এর অনুষ্ঠানে। ছবি: সংগৃহীত।

আরএসএস-এর বিশেষ দিনের সঙ্গী হলেন বলিউড তারকারা। শনি ও রবিবার, দু’দিন ধরে চলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের শতবর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠান। রাজনৈতিক দলের ব্যক্তিত্বেরাই শুধু নন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের অভিনেতারাও। কয়েক জন তারকার নাম দেখে হতবাক নেটাগরিক। মুম্বইয়ের নেহরু সেন্টার প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি ছিল।

Advertisement

‘লভ অ্যান্ড ওয়ার’ ছবি নিয়ে ব্যস্ত ভিকি কৌশল। সঞ্জয় লীলা ভন্সালীর এই ছবিতে ভিকিকে নতুন চেহারায় দেখা যাবে। ছোট মুখে গোঁফ, চোখে চশমা, পরনে কালো পাঞ্জাবির উপর নেহরু জ্যাকেট। রবিবারও এই বেশেই আরএসএস-এর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ভিকি। ছবিশিকারিরা ক্যামেরা তাক করতেই তিনি হাতজোড় করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণ জোহরও। বরাবর তাঁকে উজ্জ্বল চকচকে পোশাকে দেখা যায়। কিন্তু এই দিনের জন্য সাদা কুর্তা-পাজামার উপর ছাই রঙের নেহরু জ্যাকেট বেছে নিয়েছিলেন তিনি। অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন অনন্যা পাণ্ডে। সাদা ও মেরুন রঙের মিশেলে একটি আনারকলি চুড়িদার পরেছিলেন তিনি। কয়েক মাস আগেই কোটি কোটি টাকার প্রতারণায় নাম জড়িয়েছিল শিল্পা শেট্টীর। তিনিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরেছিলেন গেরুয়া রঙের একটি সালোয়ার কামিজ়।

আগেও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। এ বারও অন্যথা হল না। গাড়ি থেকে নেমেই সকলকে শুভেচ্ছা জানাতে শুরু করেন তিনি। পরেছিলেন ছাই রঙের প্যান্ট, সাদা শার্ট ও ব্লেজ়ার। হলুদ রঙের একটি চুড়িদার পরে এসেছিলেন রবীনা টন্ডন।

শনিবারের অনুষ্ঠানে এসেছিলেন সলমন খান, রণবীর কপূর, পরিচালক সুভাষ ঘাই। আরএসএস-এর অনুষ্ঠানে তারকাদের উপস্থিতি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন