Sanjay leela bhansali

বিপদে সঞ্জয় লীলা ভন্সালী, এফআইআর দায়ের হতে পারে, দিতে হতে পারে মোটা টাকা ক্ষতিপূরণ

সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভিকি কৌশল অভিনীত এই ছবির সেটেই মৃত্যু হয় ৪২ বছর বয়সি এক কর্মীর। বিষয়টি নিয়ে পরিচালকের বিরুদ্ধে চিঠি গেল মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ১২:২৯
বিপাকে সঞ্জয় লীলা ভন্সালী।

বিপাকে সঞ্জয় লীলা ভন্সালী। ছবি: সংগৃহীত।

সঞ্জয় লীলা ভন্সালীর ছবি মানেই ‘লার্জার দ্যান লাইফ’। যদিও গত কয়েক বছরে তাঁর বিভিন্ন ছবির সেটে বার বার অঘটন ঘটেছে। কখনও তাঁর সেট ভাঙা হয়েছে। কখনও আবার পরিচালকের গায়ে বিক্ষোভকারীরা হাতও তুলেছেন। এই মুহূর্তে তাঁর ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির শুটিং চলছে। রণবীর কপূর, আলিয়া ভট্ট, ভিকি কৌশল অভিনীত এই ছবির সেটেই কয়েক দিন আগে মৃত্যু হয়েছে ৪২ বছর বয়সি এক কর্মীর। ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর পরেই পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি তুলেছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

মুম্বই ফিল্ম সিটি’র রয়্যাল পাম্প স্টুডিয়োয় এই ঘটনাটি ঘটেছে। সেই সময়ে শুটিং করছিলেন আলিয়া ভট্ট। তখনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় চন্দ্রধারী সিংহ যাদব নামে শুটিং ইউনিটের ওই কর্মীর। শুটিং সেটে শর্ট সার্কিট হওয়ার কারণেই নাকি এই অঘটন ঘটেছে বলে খবর। চন্দ্রধারীর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই কন্যা। জানা যাচ্ছে, ভন্সালীর প্রযোজনা সংস্থা নাকি চন্দ্রধারীর পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে তাতে রাজি নয় ফেডরেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ় (এফডব্লিউআইসিই)। এ বার সেই সঙ্গে যুক্ত হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। তারা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের কাছে চিঠি লিখেছেন, যাতে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হয়। এ ছাড়াও ওই চিঠিতে ভন্সালীর বিরুদ্ধে এফআইআরের দাবি করা হয়েছে। শুধু তা-ই নয়, প্রযোজনা সংস্থা ও সেটে উপস্থিত সকলকে এই মৃত্যুর দায়ভার নিতে হবে বলেই দাবি করা হয়। পাশাপাশি, মৃত ব্যক্তির পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণেরও দাবি তুলেছে তারা। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে এই সংগঠনের তরফ থেকে আরও বলা হয়, যদি প্রযোজনা সংস্থা সেটে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিত তা হলে এই মর্মান্তিক ঘটনাটি সম্ভবত এড়ানো যেত। সেই কারণে ঘটনার নিরপেক্ষ তদন্ত জরুরি বলে তাদের বক্তব্য।

শোনা যাচ্ছে, এই দুর্ঘটনার আগে নাকি নির্দিষ্ট সময় পার করে অতিরিক্ত সময়ে কাজ করেছিলেন চন্দ্রধারী। সকাল ৭টা থেকে পরদিন ভের ৩টে পর্যন্ত কাজ করছিলেন এবং তিনি নাকি প্রায়ই এমন করতেন। এই বিষয়টিতে বদল আনার আর্জি জানিয়েছে এফডব্লিউআইসিই।

এই ছবি ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। বছর খানেক ধরে ক্ষেপে ক্ষেপে শুটিং চলছে। এ বার এমন একটা বিপত্তি ঘটতেই ছবির মুক্তি নিয়ে সংশয় দেখা দিতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞমহলে।

Advertisement
আরও পড়ুন