বিদ্যাকে কেন ভয় পেতেন অক্ষয়ের ছেলে আরভ ছবি: সংগৃহীত।
অক্ষয় কুমার ও টুইঙ্কল খন্নার ছেলে আরভ কুমারের বয়স ২৪। অনেকেই বলেন, তাঁকে নাকি দাদু রাজেশ খন্নার মতো দেখতে। তারকাসন্তান হলেও নিজে অভিনেতা হতে চান না আরভ। তিনি শান্ত, চুপচাপ। অক্ষয় নিজেও জানিয়েছেন, তাঁর ছেলে এতই সাদাসিধে যে তাঁকে নিয়ে চিন্তায় থাকেন। এ বার অক্ষয় জানালেন ছেলের ভীতির কথা। অক্ষয়ের ছেলে নাকি বাবার সহ-অভিনেত্রী বিদ্যা বালনকে বেশ ভয় পেতেন।
হঠাৎ বিদ্যাকে কেন ভয় পেতেন আরভ? সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয় জানান, প্রায় ছয়-সাত বছর বিদ্যার প্রতি ভীতি ছিল আরভের। বিদ্যা নাকি এক বার অক্ষয়ের বাড়িতেও গিয়েছিলেন। কিন্তু, তখনও বিদ্যার মুখ দর্শন করতে চাননি আরভ, ভয়ে ঘর থেকেই বেরোননি। অক্ষয়ের কথায়, ‘‘আমি বার বার বলতে থাকি, ‘বিদ্যা খুব ভাল। সিনেমার মতো নয়!’ কিন্তু, ছেলে ভয় ত্রস্ত।’’
মঞ্জুলিকার চরিত্রে বিদ্যা। ছবি: সংগৃহীত।
আরভের মনে এই ভয়টা ঢোকে ‘ভুল ভুলাইয়া’ ছবিতে বিদ্যাকে মঞ্জুলিকা রূপে দেখার পর থেকে। বিদ্যাকে সেই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল। তাঁর একটি চরিত্র ছিল রাজবধূ অবনী, অন্য চরিত্রটি ছিল নর্তকী মঞ্জুলিকা। সেই ছবিতে মনোবিদের চরিত্রে দেখা যায় অক্ষয়কে। ছবির জনপ্রিয় ‘আমি যে তোমার’ গানে বিদ্যার নাচ ও অভিব্যক্তি দেখে প্রবল ভয় পান আরভ। সেই সময়ে আরভের বয়সও কম। ছোট আরভ ধরেই নেয় যে, বাস্তবজীবনেও বিদ্যা এমনই ‘ভয়ঙ্কর’। ছবির সঙ্গে বাস্তবকে এক করে ফেলেন আরভ। বড় হওয়ার পরে যদিও সেই ভয় কেটেছে তারকাপুত্রের।