নিজেকে জাতীয়তাবাদী নায়ক করে তুলতে চান অক্ষয়? ছবি: সংগৃহীত।
অক্ষয় কুমারের নামের সঙ্গে জুড়ে গিয়েছে জাতীয়তাবাদী ভাবমূর্তি। পর পর এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যার ফলে এই তকমা পেয়েছেন তিনি। অথচ একসময় তাঁর কাছে ভারতের নাগরিকত্বও ছিল না। তাই কি ভেবেচিন্তে ‘জাতীয়তাবাদী’ অভিনেতা হয়ে উঠতে চেয়েছিলেন তিনি? এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুললেন অক্ষয়।
‘এয়ারলিফ্ট’, ‘বেবি’, ‘কেসরী’, ‘মিশন মঙ্গল’-এর মতো ছবিতে অভিনয় করেছেন অক্ষয়। প্রতিটি ছবিই দেশপ্রেম ও জাতীয় নিরাপত্তার বিষয়কে কেন্দ্র করে তৈরি। অক্ষয় কি ইচ্ছাকৃত ভাবে এমন ছবি বেছে নেন যাতে তাঁর একটি দেশপ্রেমী ভাবমূর্তি তৈরি হয়? এর উত্তরে অক্ষয় বলেন, “আমি কোনও কাজই ভাবমূর্তি তৈরি করার জন্য করি না। আমি অনেক ধরনের কাজ করি, কিন্তু জাতীয়তাবাদী ভাবমূর্তি তৈরির জন্য নয়। আমি ছবিতে অভিনয় করি। কারণ, এটা আমার ভাল লাগে।”
অক্ষয় তাঁর কানাডার পাসপোর্ট নিয়ে চলা বিতর্কেও মুখ খোলেন। তিনি জানান, এ বিষয়টি তিনি আগেও অনেক বার বলেছেন। একসময় তাঁর টানা ১৬–১৭টি ছবি ব্যর্থ হয়েছিল। বাকি ছিল ৩-৪টি ছবির মুক্তি। সেই সময়ে তিনি ভাবতে শুরু করেন, যদি অভিনয় করে না চলে, তা হলে অন্য কিছু করা দরকার। অক্ষয় জানান, সেই কঠিন সময়ে তাঁর এক কানাডাবাসী বন্ধু তাঁকে সেখানে ছোটখাটো ব্যবসা শুরু করার পরামর্শ দেন। সেই উদ্দেশ্যেই তিনি কানাডার পাসপোর্ট নিয়েছিলেন। কিন্তু পরে পরিস্থিতি বদলে যায়। বাকি ছবিগুলি মুক্তির পরে সফল হয়। অক্ষয়ের দাবি, একটি পাসপোর্ট তাঁর পরিচয় নির্ধারণ করে না। তাঁর কথায়, “আমার সব সময় ভারতের সঙ্গে গভীর সম্পর্ক। আমি ভারতীয় এবং সবসময় ভারতীয়ই থাকব।”
উল্লেখ্য, ২০১১ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তিনি। ২০২৩ সালে ভারতের নাগরিকত্ব ফিরে পান অক্ষয়।