Siya Goyal-Ketan Agarwal

‘পুরুষ মানুষ শুধু শান্তি চায়, যৌনতা তো সর্বত্র’, সিয়া-কেতনের ঘটনায় মহিলাদের নিয়ে দীর্ঘ মন্তব্য অমালের

গায়ক স্বীকার করেছেন, যুগের পর যুগ ধরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং নিজেদের মৌলিক অধিকারের জন্য তাঁদের লড়াই করতে হয়েছে। নিজের পোস্টটিও মহিলাদের উদ্দেশেই তিনি লিখেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুন ২০২৬ ১৭:৫১
সিয়া-কেতনকে নিয়ে দীর্ঘ বিবৃতি অমালের!

সিয়া-কেতনকে নিয়ে দীর্ঘ বিবৃতি অমালের! ছবি: সংগৃহীত।

সিয়া গয়াল ও কেতন অগ্রবালের ঘটনা সারা দেশের আলোচনায় উঠে আসছে। কী ভাবে কেতনকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তরুণী ও তাঁর প্রেমিক, সেই সমস্ত তথ্য জেনে শিউরে উঠছেন মানুষ। এই ঘটনায় ভেঙে পড়েছেন গায়ক অমাল মালিকও। এক্স হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করেছেন তিনি।

Advertisement

মহিলাদের সুরক্ষার জন্য তৈরি আইনের যেন অপব্যবহার না হয়, সেই বার্তাও দিয়েছেন অমাল। গায়ক স্বীকার করেছেন, যুগের পর যুগ ধরে মহিলাদের উপর অত্যাচার হয়েছে এবং নিজেদের মৌলিক অধিকারের জন্য তাঁদের লড়াই করতে হয়েছে। নিজের পোস্টটিও মহিলাদের উদ্দেশেই তিনি লিখেছেন। অমাল তাঁর বিবৃতিতে লেখেন, “প্রিয় মহিলারা, যুগের পর যুগ ধরে পুরুষদের জন্য অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে আপনাদের। তার জন্য আমি দুঃখিত। পুরুষদের বিরুদ্ধে আপনাদের যে ক্ষোভ রয়েছে, তা আমি বুঝি। সত্যিই অত্যাচারের বিরুদ্ধে নিজের জন্য লড়াই করা উচিত। কিন্তু শয়তান পুরুষদেরই উচিত শিক্ষা দিন। যে পুরুষেরা আপনাদের উপর খবরদারি করে, পোষ্যের মতো অধিকার ফলায়, ছোট করে, তাদের বিরুদ্ধে লড়ুন।”

বর্তমানে সম্পর্কের প্রসঙ্গে প্রায়ই ‘টক্সিক’ শব্দটি উঠে আসে। অর্থাৎ কোন কোন বিষয়গুলি কোনও সম্পর্ককে বিষিয়ে দিতে পারে। অমাল মনে করেন, গায়ে হাত তোলা, আবেগের পরিবর্তে আর্থিক সুবিধার কথা ভাবা, সমাজমাধ্যমের জন্য ‘সুখী’ বিয়ের নাটক করা— এগুলি খুবই বিষাক্ত স্বভাব। অমালের দাবি, পুরুষ মানুষ শুধুই মানসিক শান্তি চায়। তিনি লেখেন, “আপনাদের মনে হয়, পুরুষ শান্তি ছাড়া আর কিছু চায় বলে? যৌনতা তো সর্বত্র রয়েছে।” বিলাসবহুল বিয়ে নিয়েও মুখ খোলেন তিনি। প্রশ্ন তোলেন, “আপনারা কি সমাজমাধ্যমে দেখাবেন বলে বিয়ে করেন? লোনাবলায় মিষ্টি মধুচন্দ্রিমা আপনাদের ভাল লাগবে? নাকি আপনারা বলবেন, ‘ও যদি ভালবাসে, তা হলে ভারতের বাইরে নিয়ে যাবে!’ বুঝলাম, আমরা সবাই সুন্দর জীবন চাই। কিন্তু সত্যিকারের ভালবাসা কি মলদ্বীপে গেলে আরও বেড়ে যায়?”

কেতন অগ্রবালের প্রসঙ্গে দুঃখপ্রকাশ করেছেন গায়ক। তিনি লিখেছেন, “এই মানুষটার কিন্তু এটা প্রাপ্য ছিল না। ওর হাসি আর চোখদুটো দেখুন। বিয়ে নিয়ে কতটা খুশি ছিল মানুষটা! কেতনকে দেখেই মনে হয় ওর মনটা খুবই পবিত্র ছিল।” সিয়ার সমালোচনায় অমাল লিখেছেন, “ছেলেটাকে মারার জন্য ও (সিয়া) যে ভাবে চেষ্টা চালিয়ে গিয়েছে, তা সত্যিই সাংঘাতিক। শুধু তো ‘না’ বলে দিলেই হত। এটুকু বললেই তো হত, ‘আমি অন্য এক জনকে ভালবাসি।’ কেউ কোনও শিক্ষিত মহিলাকে বিয়ের জন্য জোর করতে পারে না।”

এখানেই শেষ নয়। আইন নিয়েও কথা বলেছেন তিনি। তিনি লেখেন, “ভারতে পুরুষদের চেয়ে মহিলাদের জন্য আইন অনেক ভাল। তাই সেগুলোর অপব্যবহার করবেন না।” সিয়া ও তাঁর প্রেমিক চেতন চৌধরী ভবিষ্যতে ভাল থাকতে পারবেন না, এমনও লিখেছেন অমাল।

Advertisement
আরও পড়ুন