পারিশ্রমিকের বৈষম্য নিয়ে এ বার মুখ খুললেন শিল্পী অমাল মালিক। ছবি: সংগৃহীত।
স্টুডিয়োপাড়ায় নায়ক-নায়িকার পারিশ্রমিকের অসমবণ্টন নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি, সঙ্গীতজগতের পারিশ্রমিকের এই বৈষম্য নিয়ে মুখ খুললেন শিল্পী অমাল মালিক। ১৬ বছর ইন্ডাস্ট্রিতে কাটানোর পরে এখনও অনেক পিছিয়ে তিনি। সেই আক্ষেপই মনে অনবরত চলতে থাকে তাঁর মনে।
অমালের দাবি, দক্ষিণী সঙ্গীতশিল্পীরা মুম্বইয়ের শিল্পীদের তুলনায় অনেক বেশি পারিশ্রমিক পান। উদাহরণ হিসাবে গায়ক বলেন, “একজন দক্ষিণী সঙ্গীতপরিচালক গান তৈরি করলে ৬০-৭০ কোটি টাকা আয় করেন। সেখানে মুম্বইয়ে আমরা যাঁরা গান তৈরি করি তাঁরা ২ কোটির বেশি পারিশ্রমিক পাই না। সুতরাং এই অবস্থায় অন্য কাউকে সাহায্য করব কী করে?”
কিছু দিন আগে কাকা অনু মালিকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন গায়ক। এক সাক্ষাৎকারে অমাল জানিয়েছিলেন, কাকা অনুর সঙ্গে তাঁদের কোনও পারিবারিক যোগাযোগ নেই। তিনি এও জানিয়েছেন, এত লোক যখন তাঁর কাকার বিরুদ্ধে মুখ খুলেছেন, তা হলে নিশ্চয়ই কিছু তো ঘটেছে। তাঁর সাফ বক্তব্য, “একজনের বিরুদ্ধে এত জন যৌন হেনস্থার অভিযোগ এনেছেন। তা হলে নিশ্চয়ই অনু মালিক যৌন হয়রানির সঙ্গে যুক্ত!”