Bengali serial

সৌমিলির বিয়ে ভাঙার গুঞ্জন সর্বত্র, ১৩ বছরের দাম্পত্যে ফাটল? কী বললেন অভিনেত্রী?

সৌমিলি জানান, এই ঘটনা আগে ঘটেনি। তবে তিনি বুঝতে পারছেন, ধারাবাহিকে তাঁকে দেখতে দেখতে মানুষ বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫
স্বামী অয়নের সঙ্গে অভিনেত্রী সৌমিলির বিয়ে ভাঙার গুঞ্জন।

স্বামী অয়নের সঙ্গে অভিনেত্রী সৌমিলির বিয়ে ভাঙার গুঞ্জন। ছবি: সংগৃহীত।

স্টুডিয়োপাড়ায় নতুন গুঞ্জন। অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের নাকি বিয়ে ভাঙছে! প্রায় ১৩ বছরের দাম্পত্য তাঁদের। অভিনেত্রীর স্বামী যদিও অভিনয়ের সঙ্গে যুক্ত নন। কিছু দিন আগেও দু’জনে নিজেদের ছবি সকলের সঙ্গে ভাগ করে নেন। তা হলে আচমকা কী ঘটল?

Advertisement

বিস্তারিত জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রীর সঙ্গে। তাঁকে এখন দর্শক দেখছে ‘পরিণীতা’ ধারাবাহিকে। ছোটপর্দার কাহিনিতেও এখন চলছে বিয়ের দৃশ্য। এর মাঝে কেন অভিনেত্রীর দাম্পত্যে ফাটলের গুঞ্জন? এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “সত্যিই জানি না। আমি আর আমার স্বামী তো মজাই পাচ্ছি। হয়তো ধারাবাহিকের প্রভাবেই এই ধরনের রটনা রটছে।”

সৌমিলি জানান, এই ঘটনা আগে ঘটেনি। তবে তিনি বুঝতে পারছেন, ধারাবাহিকে তাঁকে দেখতে দেখতে মানুষ বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলছে। অভিনেত্রী যোগ করেন, “আমি এত কিছু খেয়ালই করিনি। আমার স্বামীই পাঠাল, রটেছে ১৩ বছরের দাম্পত্য ভেঙে যাচ্ছে। আমার শ্বশুর-শাশুড়ি যখন ছিলেন তখন ওঁরা এমন ধরনের খবর দেখলে মজা পেতেন। আর এখন আমার স্বামীও মজা পাচ্ছেন। তবে সবটাই কিন্তু রটনা। এ সব কিছুই হচ্ছে না।”

আপাতত, অভিনেত্রী ব্যস্ত। কারণ, আগামী ১ মার্চ তিনি আমেরিকা যাচ্ছেন। সেখানে এক মাস থাকবেন। ব্যক্তিগত কাজেই যাচ্ছেন বলে খবর। তা হলে কি আর দেখা যাবে না পৌষালি চরিত্রটিকে? এ প্রসঙ্গে সৌমিলি জানিয়েছেন, ফিরে এসে আবার শুটিংয়ে যোগ দেবেন তিনি। কিছু দিনের জন্য হয়তো গল্প অন্য ভাবে এগোবে।

Advertisement
আরও পড়ুন