Riju Biswas Birthday

‘প্রায় ২০ বছর হয়ে গেল জন্মদিন পালন করি না’, বিশেষ দিনে কার কথা বার বার মনে পড়ে ঋজুর?

১৫ মার্চ অভিনেতা ঋজু বিশ্বাসের জন্মদিন। বিশেষ দিনে কী পরিকল্পনা করলেন অভিনেতা? মায়ের হাতের পায়েস ছাড়া আর কী প্রিয় তাঁর?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৯:৫৬
কেন জন্মদিন পালন করেন না ঋজু?

কেন জন্মদিন পালন করেন না ঋজু? ছবি: সংগৃহীত।

১৫ মার্চ অভিনেতা ঋজু বিশ্বাসের জন্মদিন। কিছু দিন আগেও তাঁকে নিয়ে বিতর্ক হয়েছে। অভিনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সে সব এখন অতীত। আপাতত নিজের কাজ নিয়ে ব্যস্ত। তার মধ্যে জন্মদিনে কি আলাদা কিছু পরিকল্পনা করেছেন অভিনেতা ঋজু?

Advertisement

প্রায় ২০ বছর হতে চলল নিজের জন্মদিন পালন করেন না অভিনেতা। কেন? ঋজু বললেন, “বাবা চলে যাওয়ার পর থেকে জন্মদিনটা খুবই ফিকে হয়ে গিয়েছে। ২০ বছর হল জন্মদিন পালন করি না। কেকও কাটি না। ছোটবেলায় এই দিনটা এলেই খুব আনন্দ হত। আমি তো বোর্ডিং স্কুলে বড় হয়েছি। সেখানেই আলাদা করে আয়োজন করত সবাই। এখনও যদি এই দিনে শুটিং থাকে তা হলে সেখানে সবাই হুল্লোড় করে।”

কিন্তু এখন নিজের মতোই এই দিনটা পালন করতে পছন্দ করেন ঋজু। তিনি যোগ করেন, “মা যদিও পায়েস রান্না করেন এই দিনে। আমি মানা করলেও শোনেন না। আর এই দিন পায়েসের আলাদাই এক ধরনের স্বাদ হয়। তাই এ বারেও ওই বাড়িতে থাকব। মায়ের হাতের পায়েস খাব। ব্যস।” অভিনেতার প্রিয় খাবার বিউলির ডাল। এটা পেলেই তিনি খুশি হন। আপাতত জন্মদিনটা নিজের মতো করেই কাটাতে চান তিনি। দু’দিন হল নতুন সিরিজ়ের কাজ শুরু করেছেন ঋজু। এখনই তা নিয়ে কিছু খোলসা করতে রাজি নন অভিনেতা।

Advertisement
আরও পড়ুন