ভোটের দিন কি ছুটি পাচ্ছেন ছোটপর্দার শিল্পীরা? ছবি: সংগৃহীত।
মাসে এক দিন ছুটি। দিনে ১৪ ঘণ্টা শুটিং। এই হল ছোটপর্দার কাজের ধরন। কখনও কখনও ব্যাঙ্কিং বা পর্ব মজুত করার জন্য ‘ডবল ইউনিট’ কাজও করতে হয়। তথাকথিত চাকরিতে যাকে ‘ওভারটাইম’ বলে, সেটাই ধারাবাহিকের শিল্পীদের কাছে ‘ডবল ইউনিট’। সহজে শিল্পীরা শুটিং থেকে ছুটি পান না। ২৯ এপ্রিল এই শহরে ভোটের দিন কি ছুটি পাচ্ছেন তাঁরা? না কি ভোট দিয়েই ছুটতে হবে শুটিংয়ে?
সদ্য শুরু হয়েছে ‘গঙ্গা’র শুটিং, ছুটি কি থাকবে ভোটের দিন? ছবি: সংগৃহীত।
অভিনেতা সাহেব ভট্টাচার্য জানালেন, ২৯ এপ্রিল তাঁদের ছুটি থাকবে। ইতিমধ্যেই সে কথা জানানো হয়েছে। তবে বাড়তি কাজ করতে হবে কি না সেই সিদ্ধান্ত এখনও হয়নি। সাহেবকে এই মুহূর্তে দর্শক দেখছে ‘গঙ্গা’ ধারাবাহিকে। সাধারণত, এক দিন ছুটির জন্য অনেক সময় ‘ডবল ইউনিট’-এর প্রয়োজন পড়ে না, বক্তব্য টেলিপাড়ার এক কার্যনির্বাহী প্রযোজকের।
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের ব্যাঙ্কিং কি আছে? ছবি: সংগৃহীত।
এই প্রসঙ্গে পরিচালক অনুপম হরি বললেন, “কোনও ধারাবাহিক সাত দিন সম্প্রচারিত হলে তখন এক দিন ছুটি হলে ডবল ইউনিটের প্রয়োজন পড়লেও পড়তে পারে। আমি এই মুহূর্তে যে ধারাবাহিকের পরিচালনা করছি, পরিকল্পনা করছি ব্যাঙ্কিংয়ের জন্য যদি একটু বেশি করে তুলে নেওয়া যায়। তবে ১৪ ঘণ্টার বেশি কাজ করা হবে না। এমনকি, ভোটের আগের দিন অর্থাৎ মঙ্গলবারেও তাড়াতাড়ি প্যাকআপ করার চেষ্টা করব।” এই মুহূর্তে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিক পরিচালনা করছেন। খুব বেশি দিন হয়নি শুরু হয়েছে এই কাহিনি। তাই শুটিংয়ের চাপ তো আছেই।
ভোটের দিন কি শুটিং হবে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের?
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকেও একই বিষয়। নায়িকা আরাত্রিকা মাইতি জানালেন, ভোট মানেই উৎসব। ছুটি দেওয়া হবে বলেই তিনি জানেন। ‘মিলন হবে কত দিন’-এ ধারাবাহিকের সেটে খোঁজ নিয়ে জানা গেল, সেখানেও ছুটি। অভিনেত্রী অলিভিয়া সরকার বলেছেন, “ছুটি আছে বলে বাড়তি কোনও চাপ নেই। যেমন রোজ শুটিং হয়, সে ভাবেই হচ্ছে। খালি কিছু আউটডোর শুটিং হওয়ার কথা ছিল, সেটা হল না। অনুমতি পাওয়া যায়নি বলে। তাই চিত্রনাট্যে কিছু পরিবর্তন করা হয়েছে। এমনিতে ব্যাঙ্কিং রয়েছে।”
এক দিনের ছুটিতে কতটা চাপ হবে ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকের শুটিংয়ে? ছবি: সংগৃহীত।
অধিকাংশ ধারাবাহিকেরই পর্ব ব্যাঙ্কিং বা মজুত রয়েছে। ফলে এক দিনের ছুটিতে খুব চাপ হওয়ার কথা নয়, এমনটাই আলোচনা অন্দরের। মাঝে যেমন বেশ কিছু দিন বন্ধ ছিল ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের শুটিং। এক দিনের ছুটি কি প্রভাব ফেলবে তাঁদের উপরে? অভিনেতা সোমরাজ মাইতি জানিয়েছেন, তাঁদের ধারাবাহিক সম্প্রচারিত হয় সপ্তাহে পাঁচ দিন। এর মধ্যে টানা শুটিং করেছেন তাঁরা। ফলে কোনও সমস্যা হবে না। ভোটের দিন তাঁদের শুটিংও বন্ধ থাকবে।