কঠিন পরিস্থিতি কী ভাবে সামলাচ্ছেন তনুশ্রী? ছবি: সংগৃহীত।
অভিনেত্রী তনুশ্রী গোস্বামী ছোটপর্দার পরিচিত মুখ। তাঁকে শেষ বার দর্শক দেখেছিলেন ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিকে। মাঝে প্রায় দু’মাস কেটে গিয়েছে। এর মধ্যেই বড় বিপদ ঘটে গেল তাঁর পরিবারে। আচমকাই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রীর স্বামী। ‘ব্রেন টিউমার’ ধরা পড়ে তাঁর। সবটা কী ভাবে সামলালেন অভিনেত্রী তনুশ্রী?
মাঝে প্রায় দু’মাস কেটেছে। সে ভাবে কাজ ছিল না তাঁর হাতে। আবার নতুন ধারাবাহিকে কাজ শুরু করছেন তনুশ্রী। অভিনেত্রী বললেন, “এই ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র অভিনেতাই নিয়মিত কাজ পান না। সেখানে আমার দু’মাস বাড়িতে থাকা খুবই তুচ্ছ ব্যাপার। তবে কাজ শুরু হয়েছে নতুন ধারাবাহিকের। আরও বেশ কিছু জায়গায় কাজের কথা হয়ে আছে। কিন্তু চূড়ান্ত না হলে বলতে পারব না।”
এরই মাঝে আচমকাই তাঁর স্বামীর অসুস্থতা আরও চিন্তা বাড়িয়েছিল অভিনেত্রীর। তিনি বলেন, “আগেও ব্রেন টিউমার হয়েছিল। কিন্তু আবার যে সেই সমস্যাই ফিরে আসবে তা বুঝতে পারিনি। তবে এখন অনেকটা স্বস্তি পেয়েছি। অস্ত্রোপচার সফল হয়েছে। বাড়িতেও নিয়ে আসতে পেরেছি। সেলাই কাটাতে নিয়ে যাব। বিপন্মুক্ত বলা যেতে পারে।”
অভিনেত্রী নিজেও এই কয়েকদিন তাই সমাজমাধ্যম থেকে দূরে ছিলেন। তাঁর স্বামী ‘পরশপাথর’ ব্যান্ডের বাদ্যশিল্পী। সামনে নতুন করে অনুষ্ঠান হওয়ার কথা এই গানের দলের। ফলে তা নিয়েও চিন্তায় রয়েছেন তনুশ্রী।