যন্ত্রণার কথা জানালেন ভারতী! ছবি: সংগৃহীত।
বার বার চেহারার গড়নের জন্য কটাক্ষের শিকার হয়েছেন কৌতুকশিল্পী ভারতী সিংহ। সম্প্রতি তিনি জানান, ছোটবেলা থেকেই তাঁকে শরীর নিয়ে নানা কটূক্তির মুখে পড়তে হয়েছে।
ভারতী জানান, তিনি যখন বড় হচ্ছেন তখন সমাজে শরীর নিয়ে মন্তব্য করাকে খুব স্বাভাবিক বলে মনে করা হত। কেউ একটু মোটা হলেই তাকে ‘মোটা’ বলা হত, গায়ের রং শ্যামলা হলে ‘কালো’ বলে ডাকা হত। তখন কেউ ভাবতেন না, এই ধরনের কথায় এক জন মানুষের মনে কতটা আঘাত লাগতে পারে।
ভারতীর কথায়, তাঁর নিজের মাও প্রায়ই বলতেন, “আর খাস না, কত খাবি? মোটা হয়ে যাবি তো।” ছোটবেলায় এ সব কথা শুনতে শুনতে তিনি অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। তবে বড় হওয়ার পরে তিনি বুঝতে পারেন, এমন মন্তব্য এক জন মানুষের আত্মবিশ্বাসে গভীর প্রভাব ফেলতে পারে।
তবে ছোটবেলায় এ সব কথা শুনে কষ্ট পেলেও তিনি নিজে কখনও ভেঙে পড়েননি। বরং নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছেন এবং নিজের পরিচয় তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিনোদনজগতে আসার পরেও তিনি দেখেছেন, অনেক সময় মানুষের শরীর নিয়ে ঠাট্টা মশকরা করা হয়। কিন্তু সময়ের সঙ্গে তিনি সিদ্ধান্ত নেন, অন্য কাউকে অপমান করে হাসির খোরাক তৈরি করবেন না।
বর্তমানে ভারতী দেশের অন্যতম জনপ্রিয় কৌতুকশিল্পী ও সঞ্চালক। তিনি প্রতি মুহূর্তে বুঝিয়ে দেন, শরীরের গঠন নয়, মানুষের প্রতিভা ও আত্মবিশ্বাসই আসল পরিচয়।