IPL 2026

আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাইয়ের আরও এক ক্রিকেটার, সমস্যা বাড়ছে রুতুরাজের দলের

আইপিএল যত এগোচ্ছে ততই চাপ বাড়ছে চেন্নাই সুপার কিংসের। এ বার প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার জেমি ওভার্টন। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২১:৪৮
cricket

ছিটকে গেলেন ওভার্টন (ডান দিক থেকে দ্বিতীয়)। — ফাইল চিত্র।

আইপিএল যত এগোচ্ছে ততই চাপ বাড়ছে চেন্নাই সুপার কিংসের। এ বার প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন অলরাউন্ডার জেমি ওভার্টন। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডিয়ান ফরেস্টারকে। ৭৫ লক্ষ টাকায় চেন্নাইয়ে যোগ দিয়েছেন তিনি।

Advertisement

চেন্নাই জানিয়েছে, চোট সারাতে এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে ইতিমধ্যেই ইংল্যান্ডে ফিরে গিয়েছেন ওভার্টন। চলতি মরসুমে চেন্নাইয়ের হয়ে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। ১০টি ম্যাচে ১৪টি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি ১৫০-এর উপর স্ট্রাইক রেটে তিনি ১৩৬ রান করেছিলেন। শেষের দিকে নেমে চালিয়ে খেলাই ছিল তাঁর কাজ।

গত ১১ মে লখনউয়ের বিরুদ্ধে শেষ বার চেন্নাইয়ের জার্সিতে নেমেছিলেন ওভার্টন। সেখানে মরসুমের অন্যতম সেরা ম্যাচটি খেলেছিলেন তিনি। পাওয়ার প্লে-র মধ্যে লখনউ ৯১/১ স্কোরে পৌঁছে যাওয়ার পর ওভার্টন ৩৬ রানে ৩ উইকেট নেন। ফলে ২০৩ রানে আউট যায় লখনউ। চেন্নাই রান তাড়া করে জেতে। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পান ওভার্টন।

এ বছর মার্চে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় ফরেস্টারের। তিনি এখনও পর্যন্ত ৫টি ম্যাচ খেলে ৮৩ রান করেছেন।

বুধবারই রামকৃষ্ণ ঘোষের ছিটকে যাওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। মরসুম শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন নেথান এলিস। তাঁর পরিবর্ত ক্রিকেটার স্পেন্সার জনসনও চোট পেয়ে খেলতে পারছেন না। মরসুমের মাঝপথে চোট পেয়েছেন খলিল আহমেদ এবং আয়ুষ মাত্রেও। এ ছাড়া চোটের কারণে মহেন্দ্র সিংহ ধোনি এখনও একটি ম্যাচেও খেলতে পারেননি।

Advertisement
আরও পড়ুন