IPL 2026

সমাজমাধ্যমে রিল পোস্ট করে আবার বিপদে অর্শদীপ! মুম্বই ক্রিকেটারের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য

পঞ্জাবের ক্রিকেটার অর্শদীপের সিংহের সমস্যা বেড়েই চলেছে। তাঁর একটি রিল নিয়ে বিতর্ক তৈরি হল। মুম্বইয়ের এক ক্রিকেটারকে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ২২:৫৪
cricket

অর্শদীপ সিংহ। ছবি: পিটিআই।

পঞ্জাবের ক্রিকেটার অর্শদীপের সিংহের সমস্যা বেড়েই চলেছে। সমাজমাধ্যমে নিয়মিত রিল এবং ভ্লগ পোস্ট করে এমনিতেই বোর্ডের রোষে পড়েছেন তিনি। সেই রিল নিয়েই এ বার বিতর্ক তৈরি হল। মুম্বইয়ের এক ক্রিকেটারকে ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। যদিও অর্শদীপ বা বোর্ড এ ব্যাপারে এখনও মুখ খোলেননি।

Advertisement

সমাজমাধ্যমে অর্শদীপের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। দেখা গিয়েছে, মুম্বইয়ের তিলক বর্মা হেঁটে যাওয়ার সময় তাঁকে হিন্দিতে ‘ওয়ে অন্ধেরে’ বলে ডেকে উঠেছেন অর্শদীপ। হিন্দিতে ‘অন্ধেরে’ বলতে সাধারণত কৃষ্ণাঙ্গদের বোঝানো হয়। জাতীয় দলের সতীর্থ ক্রিকেটারদের উদ্দেশে কী করে অর্শদীপ এমন মন্তব্য করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিলক সেই মন্তব্যকে অবশ্য গুরুত্ব দেননি। অর্শদীপ তবু পিছনে লাগা ছাড়েননি। তিলককে বার বার জিজ্ঞাসা করতে থাকেন তিনি সানস্ক্রিন ব্যবহার করছেন কি না।

বিতর্ক আরও বেড়েছে অর্শদীপের পরের মন্তব্যে। সামনে বসে থাকে মুম্বইয়ের আর এক ক্রিকেটার নমন ধীরকে ‘নূর’ বলে সম্বোধন করেছেন তিনি। পঞ্জাবিতে ‘নূর’ বলা হয় সাধারণত শ্বেতাঙ্গদের। অর্শদীপ নিজেও পঞ্জাবি। দুই ক্রিকেটারকে কেন দু’রকম ভাষায় সম্বোধন করলেন অর্শদীপ, তা নিয়ে প্রশ্ন উঠছে।

সমর্থকেরা অর্শদীপের কাজে মোটেই খুশি হতে পারেননি। এক সমর্থক লিখেছেন, “এটা মোটেও মজার নয়। এত বড় হওয়ার পরেই বাচ্চাদের মতো আচরণ আপনাদের একেবারেই মানায় না। বাকি খেলোয়াড়দের প্রতি সমীহ দেখান। দুমদাম বর্ণবিদ্বেষী মন্তব্য এবং এ রকম আচরণ মোটেও আপনার ভাবমূর্তি ভাল করে না। এতে লোকে আপনার প্রতি যাবতীয় সমীহ হারিয়ে ফেলে।”

আর এক সমর্থক লিখেছেন, “সরাসরি বর্ণবিদ্বেষী মন্তব্য করেছে অর্শদীপ। এটাকে মোটেই পঞ্জাবিদের মজা বলে ভেবে নিলে চলবে না। আমি নিজে জানি মানুষ গায়ের রঙের জন্য নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। এ ধরনের বিষয় নিয়ে মোটেও মজা করা উচিত নয়।”

Advertisement
আরও পড়ুন