Christopher Nolan Movie

নোলানের নতুন কৌশল! নেটপ্রভাবীরা নন, ‘দ্য ওডিসি’-র প্রথম ঝলক দেখবেন শুধু সমালোচকেরাই?

ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’ ছবির প্রচারে নেটপ্রভাবীরা নন, গুরুত্ব পাবেন সমালোচকেরাই! ছবির স্বার্থে কোন কৌশল নিলেন পরিচালক?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৭:২১
নতুন ছবি মুক্তির আগে কী কৌশল নিলেন পরিচালক নোলান?

নতুন ছবি মুক্তির আগে কী কৌশল নিলেন পরিচালক নোলান? ছবি: সংগৃহীত।

হলিউডের ছবির প্রচারের ধরন কি বদলে যাচ্ছে? ক্রিস্টোফার নোলানের নতুন ছবি ‘দ্য ওডিসি’ ছবির প্রচারকে কেন্দ্র করে তেমনই ইঙ্গিত মিলছে। হিন্দি, ইংরেজি যে কোনও ছবির প্রচারের ক্ষেত্রেই অনেক বদল এসেছে। এই সময়ের অনেক বড় বাজেটের ছবির ক্ষেত্রে মুক্তির আগেই সমাজমাধ্যমের জনপ্রিয় নির্মাতা, ইউটিউবার বা নেটপ্রভাবীদের জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন প্রায় নিয়মে পরিণত হয়েছিল। কিন্তু নোলানের নতুন ছবির ক্ষেত্রে সেই পথে হাঁটছে না প্রযোজনা সংস্থা ‘ইউনিভার্সাল পিকচার্স’।

Advertisement

আমেরিকারই এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ছবির প্রথম দফার প্রদর্শনী শুধুমাত্র নির্বাচিত অতিথি এবং পেশাদার চলচ্চিত্র সমালোচকদের জন্যই রাখা হয়েছে। টিকটক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের কনটেন্ট নির্মাতাদের জন্য আলাদা কোনও ‘আর্লি স্ক্রিনিং’-এর পরিকল্পনা নেই। আগামী ৬ জুলাই লন্ডনে আন্তর্জাতিক প্রিমিয়ারের পরেই ছবিটি প্রথম দেখার সুযোগ পাবেন সমালোচকেরা।

গত কয়েক বছরে হলিউডের একাধিক সংস্থা ছবিমুক্তির আগে সমাজমাধ্যমে ইতিবাচক আলোচনা তৈরির জন্য নেটপ্রভাবীদের উপর ভরসা করেছে। তবে দর্শকের একাংশ এই ভাবনা নিয়ে প্রশ্নও তুলেছেন। অনেকের মতে, প্রযোজনা সংস্থার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তাগিদে অনেক সময় নেটপ্রভাবীদের প্রাথমিক প্রতিক্রিয়া অতিরিক্ত ইতিবাচক হয়ে ওঠে। সেই আবহেই নোলানের ছবি ঘিরে এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

এ দিকে ভারতীয় অনুরাগীদের জন্যও রয়েছে সুখবর। লন্ডনের আন্তর্জাতিক প্রিমিয়ারের পর জুলাই মাসেই মুম্বইয়ে প্রিমিয়ার হবে ‘দ্য ওডিসি’ ছবির। সেখানে উপস্থিত থাকার কথা ‘ওপেনহাইমার’-খ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলান, প্রযোজক এমা টমাস, অভিনেতা ম্যাট ডেমন এবং টম হল্যান্ডের।

নোলানের ছবির পোস্টার।

নোলানের ছবির পোস্টার। ছবি: সংগৃহীত।

মহাকবি হোমার রচিত অন্যতম গ্রিক মহাকাব্য অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য ওডিসি’। ট্রয় যুদ্ধের পর ইথাকার রাজা ওডিসিউসের দীর্ঘ দশ বছরের ঘরে ফেরার অভিযানের কাহিনি নিয়েই ছবির গল্প। দেবতা, দানব, রহস্যময় দ্বীপ এবং একের পর এক বিপদের মধ্য দিয়ে এগোয় তাঁর যাত্রা।

ছবিতে ওডিসিউসের চরিত্রে অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলেম্যাকাসের ভূমিকায় রয়েছেন টম হল্যান্ড। পেনেলোপির চরিত্রে অ্যানি হ্যাথাওয়ে, অ্যান্টিনাসের ভূমিকায় রবার্ট প্যাটিনসন, ক্যালিপসো হিসাবে শার্লিজ় থেরন এবং স্পার্টার রাজা ও হেলেনের স্বামী মেনেলাউসের চরিত্রে দেখা যাবে জন বার্নথালকে। এ ছাড়াও রয়েছেন জ়েনডায়া ও লুপিটা নিয়ং। যদিও তাঁদের চরিত্র এখনও প্রকাশ্যে আসেনি।

Advertisement
আরও পড়ুন