India Vs Ireland T20I

অর্ধশতরান করেও জেতাতে পারেননি দলকে, আয়ারল্যান্ডের কাছে ভারতের হারের একটাই কারণ, জানিয়ে দিলেন অভিষেক

আয়ারল্যান্ডের কাছে টি-টোয়েন্টিতে প্রথম বার হেরেছে ভারত। সেই হারের নেপথ্যে একটিই কারণ রয়েছে। মনে করেন অভিষেক শর্মা। সেই ব্যাখ্যাও দিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৮:৩৯
cricket

বেলফাস্টে মারমুখী মেজাজে অভিষেক শর্মা। ছবি: এক্স।

তিনি যত ক্ষণ ক্রিজ়ে ছিলেন, মনে হচ্ছিল ভারত জিতবে। মাত্র ১৯ বলে অর্ধশতরান করলেও দলকে জেতাতে পারেননি অভিষেক শর্মা। আয়ারল্যান্ডের কাছে প্রথম টি-টোয়েন্টি হেরেছে ভারত। পর পর দু’বার বিশ্বচ্যাম্পিয়নেরা কেন হারলেন, তার কারণ জানিয়েছেন অভিষেক। ভারতীয় ওপেনারের মতে, একটি কারণেই তাঁদের হারতে হয়েছে।

Advertisement

বেলফাস্টে খেলার শেষে অভিষেক জানিয়েছেন, পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেননি তাঁরা। ভারতীয় ওপেনার বলেন, “পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে কত তাড়াতাড়ি আপনি মানিয়ে নিতে পারছেন, তার উপর আপনার সাফল্য নির্ভর করছে। আমাদের উচিত ছিল দ্রুত মানিয়ে নেওয়া। অনুশীলনের সময়ও পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা পরিবেশের সঙ্গে মানাতে পারিনি। তাই হারতে হয়েছে।”

অভিষেকের কথা যে অনেকাংশে সত্যি, তা ভারতের খেলা দেখে বোঝা গিয়েছে। বেশির ভাগ উইকেট পড়েছে বলের উচ্চতা বুঝতে না পেরে। এই মাঠে ভারত প্রথম বার খেলতে নেমেছিল। স্বাভাবিক ভাবেই নতুন অভিজ্ঞতা। কিন্তু ভারতের মতো দলের ক্রিকেটারদের উচিত ছিল আয়ারল্যান্ডের খেলা দেখে পরিস্থিতি বুঝে ফেলা। তাঁরা সেটা পারেননি।

১৮৩ রান তাড়া করতে নেমে দলকে ভাল শুরু দিয়েছিলেন অভিষেক। প্রথম বল থেকে চালাচ্ছিলেন তিনি। কিন্তু অর্ধশতরান করেই পরের বলে ছক্কা মারতে গিয়ে আউট হন তিনি। ভারতের বেশির ভাগ ব্যাটার বড় শট খেলতে গিয়ে লেংথ বুঝতে না পেরে আউট হয়েছেন।

অনেকে ভেবেছিলেন, এই ম্যাচে ভারতের বড়দের দলে অভিষেক হবে বৈভব সূর্যবংশীর। কিন্তু খেলানো হয়নি তাঁকে, অভিষেক রান পেলেও সঞ্জু স্যামসন, ঈশান কিশন, শ্রেয়স আয়ারেরা রান পাননি। টপ অর্ডারের এই ব্যর্থতার খেসারত দিতে হয়েছে দলকে। পরের ম্যাচে বৈভবকে খেলাতে পারেন কোচ গৌতম গম্ভীর।

এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে অভিষেক হয়েছে শ্রেয়সের। শুরুটা হয়েছে হার দিয়ে। বিশ্বকাপ জেতানো অধিনায়ক সূর্যকুমার যাদবকে সরিয়ে শ্রেয়সকে অধিনায়ক করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার একমাত্র কারণ ব্যাট হাতে সূর্যের ফর্ম। অথচ প্রথম ম্যাচে রান পাননি শ্রেয়সও। ফলে পরের ম্যাচে দলের জয়ের পাশাপাশি তাঁকে রানও করতে হবে। নইলে শুরুতেই সমালোচনার মুখে পড়বেন শ্রেয়স।

Advertisement
আরও পড়ুন