FIFA World Cup 2026

চার গোলের প্রতিটিই তাঁর ভুলে, দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিদায়ের পর ক্ষমা চাইলেন মুসলেরা, দায় ঘাড়ে নিলেন কোচও

দল চারটি গোলই খেয়েছে তাঁর ভুলে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। দেশবাসী এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন ৪০ বছরের গোলকিপার ফের্নান্দো মুসলেরা। দায় নিয়েছেন কোচ মার্সেলো বিয়েলসাও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১৯:৫১
football

গোল খাচ্ছেন মুসলেরা। ছবি: রয়টার্স।

দল চারটি গোল খেয়েছে। চারটিই হয়েছে তাঁর ভুলে। বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দু’বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে। হারের পর দেশবাসী এবং সতীর্থদের কাছে ক্ষমা চাইলেন ৪০ বছরের গোলকিপার ফের্নান্দো মুসলেরা। নিজের ঘাড়ে দায় নিয়েছেন কোচ মার্সেলো বিয়েলসাও।

Advertisement

স্পেনের কাছে শুক্রবার রাতে ০-১ গোলে হেরেছে উরুগুয়ে। দু’পয়েন্ট নিয়ে তারা সকলের নীচে রয়েছে। স্পেনের গোলটি হয়েছে মুসলেরার ভুলেই। এর আগে কাবো ভার্দে ম্যাচেও তিনি দু’টি ভুল করেছিলেন, যে ম্যাচটি জিতলে অনায়াসে পরের রাউন্ডে ওঠার কথা উরুগুয়ের।

ম্যাচের পর মুসলেরা বলেন, “ম্যাচের পর সাজঘরে সকলে শান্ত হয়ে বসার পর ওদের বললাম, বিশ্বকাপ একেবারেই ভাল যায়নি আমার। সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। দুর্ভাগ্যবশত, খুব ভাল করে প্রস্তুতি নেওয়া সত্ত্বেও বিশ্বকাপে ভাল খেলতে পারিনি।” এ দিন বিরতির পর মুসলেরাকে তুলে নেওয়া হয়।

তিনি আরও বলেন, “আমি লুকোতে পছন্দ করি না। সামনে এসে সমালোচনা শুনতে চাই। এ ভাবেই উরুগুয়েবাসীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। কখনও ভাবিনি ফুটবল আমাকে এতটা দুঃখ দেবে। বিশেষ করে নিজের প্রস্তুতির পর আত্মবিশ্বাসী ছিলাম।”

২০২৪-এ মুসলেরা অবসর নিলেও এ বছর প্রত্যাবর্তন করেন। শোনা যায়, কোচ বিয়েলসার অনুরোধ শুনেছিলেন তিনি। সেই গোলকিপারের কারণেই বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। বিয়েলসা বলেছেন, “মুসলেরার পারফরম্যান্সকে উপেক্ষা করার কোনও জায়গা নেই। তবে এটাও ঠিক, অসাধারণ একটা মরসুম কাটিয়ে বিশ্বকাপে খেলতে এসেছিল ও। দারুণ চারিত্রিক দৃঢ়তা রয়েছে ওর মধ্যে।”

তিনি আরও বলেন, “সংবাদমাধ্যম এবং উরুগুয়ের ফুটবল সংস্থার সব দোষ আমার ঘাড়েই চাপাতে চাইছে। আমিই এই ব্যর্থতার দায় নিচ্ছি।”

Advertisement
আরও পড়ুন