David Dhawan gets Emotional

‘হাসপাতালে আমার পাশে ঘুমিয়েছে, ওর মতো সন্তান পাওয়া ভাগ্যের’, বরুণের প্রশংসায় আবেগপ্রবণ বাবা ডেভিড

মুক্তির অপেক্ষায় ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’। এটি বরুণ ধবন ও ডেভিড ধবনের একসঙ্গে চতুর্থ কাজ। শনিবার ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানে এসে আবেগে ভাসলেন পরিচালক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ১৮:০১
ছেলের প্রশংসায় পঞ্চমুখ ডেভিড ধবন।

ছেলের প্রশংসায় পঞ্চমুখ ডেভিড ধবন। ছবি: সংগৃহীত।

রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে ফিরছেন অভিনেতা বরুণ ধবন। পরিচালনায় অভিনেতার বাবা, তারকা পরিচালক ডেভিড ধবন। মুক্তির অপেক্ষায় ‘হ্যায় জওয়ানি তো ইশ্‌ক হোনা হ্যায়’। এটি বরুণ-ডেভিডের একসঙ্গে চতুর্থ কাজ। শনিবার ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানে এসে আবেগে ভাসলেন পরিচালক। ‘এমন ছেলে পাওয়া ভাগ্যের’, বরুণকে জড়িয়ে উজাড় করলেন ভালবাসা।

Advertisement

অনুষ্ঠানে ছেলেকে পাশে নিয়ে দাঁড়িয়ে পরিচালক বলেন, “সন্তান হিসাবে বরুণ দারুণ। সবসময়ে আমার খেয়াল রাখে। আমার প্রত্যেক অসুস্থতায় শক্ত হয়ে পাশে থেকেছে। হাসপাতালে ভর্তি হলে, ও-ও সেখানেই আমার পাশে ঘুমিয়েছে। আর কী চাহিদা থাকতে পারে? অভিনেতা হিসাবে ও উন্নতি করছে। পরিচালক হিসাবে আমার চাহিদা মেটাতে পারে। সে সব তো ঠিক আছে। কিন্তু, বাবা হিসাবে বলছি, ওর মতো ছেলে সকলের হওয়া উচিত।” ছেলের প্রশংসা করতে করতে কেঁদে ফেলেন ডেভিড। বাবার কথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন ‘অক্টোবর’ অভিনেতাও। বাবাকে কাঁদতে দেখে তাঁকে জড়িয়ে ধরেন, আদুরে চুম্বনে শান্ত করার চেষ্টা করেন বরুণ।

২৩ মে মুম্বইয়ে ছবির প্রচার-ঝলক মুক্তির অনুষ্ঠানে ডেভিড ও বরুণের সঙ্গে উপস্থিত ছিলেন মৃণাল ঠাকুর, পূজা হেগড়ে, চাঙ্কি পাণ্ডে-সহ বাকিরা। ঝলকেই স্পষ্ট, বরুণের চরিত্রকে কেন্দ্র করে একটি জটিল ত্রিকোণ প্রেমের গল্প তৈরি হবে। থাকবে প্রাক্তন ও বর্তমানের টানাপড়েন। ছবির পরতে পরতে মজার মোচড় থাকবে, তা-ও ঝলকেই স্পষ্ট। আগামী ৫ জুন প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাওয়ার কথা।

Advertisement
আরও পড়ুন