অ্যারিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স।
ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই অঘটন। ছিটকে গেলেন বিশ্বের প্রাক্তন এক নম্বর ডানিল মেদভেদেভ। হেরে গেলেন প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন মারিন সিলিচও। তবে প্রত্যাশা মতোই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন মহিলাদের শীর্ষ বাছাই অ্যারিনা সাবালেঙ্কা-সহ কোকো গফ, স্টেফানো চিচিপাস, মারিয়া সাকারির মতো খেলোয়াড়েরা।
প্রথম রাউন্ডে ষষ্ঠ বাছাই মেদভেদেভের প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ার অবাছাই খেলোয়াড় অ্যাডাম ওয়ালটন। বিশ্বের ৯৭ নম্বর খেলোয়াড়ের কাছে মেদভেদেভ হারলেন ২-৬, ৬-১, ১-৬, ৬-১, ৪-৬ ব্যবধানে। ৩ ঘণ্টা ২২ মিনিটের লড়াইয়ে ধারাবাহিকতার অভাবে ভুগেছেন প্রাক্তন এক নম্বর। ‘এস’ সার্ভিসের মতো ডবল ফল্টও বেশি করেছেন মেদভেদেভ। ঠিকঠাক হয়নি তাঁর প্রথম সার্ভিসও। ম্যাচে প্রতিপক্ষ ওয়ালটনের থেকে ৩টি পয়েন্ট বেশি জিতেছেন। তা-ও একের পর এক আনফোর্সড এরর করে বিদায় নিলেন বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম থেকে।
মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জয় পেয়েছেন সাবালেঙ্কা। ১ ঘণ্টা ১৫ মিনিটের লড়াইয়ে তিনি হারিয়েছেন স্পেনের অবাছাই খেলোয়াড় জেসিকা বোজ়াস মানেইরোকে। ম্যাচের ফল সাবালেঙ্কার পক্ষে ৬-৪, ৬-২। দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সাকারিও। তিনি ৭-৫, ৭-৬ (৭-৩) ব্যবধানে হারিয়েছেন মহিলাদের ১২তম বাছাই চেচিয়ার লিন্ডা নসকোভাকে। প্রথম রাউন্ডের বাধা টপকেছেন কোকো গফও। মহিলাদের সিঙ্গলসের চতুর্থ বাছাই হারিয়েছেন আমেরিকারই টেলর টাউনসেন্ডকে। গফের পক্ষে ম্যাচের ফল ৬-৪, ৬-০। জয় পেয়েছেন ১৬তম বাছাই নাওমি ওসাকাও। তিনি ৬-৩, ৭-৬ (৭-৩) ব্যবধানে জার্মানির লরা সিগেমুন্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।
পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন চিচিপাস। তাঁকে অবশ্য বেশি লড়াই করতে হল না। গ্রিক খেলোয়াড় ৬-২, ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় ম্যাচ ছেড়ে দেন তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের আলেক্সান্ডার মুলার। প্রথম রাউন্ডে বিদায় নিলেন সিলিচ। তাঁকে ৭-৬ (৭-৪), ৬-২, ৬-১ ব্যবধানে হারিয়ে দিয়েছেন ফ্রান্সের অবাছাই খেলোয়াড় মোইস কুয়ামে।