পরিচালক শিলাদিত্য মৌলিক। ছবি: সংগৃহীত।
একে একা মা। তার উপরে কন্যা সন্তান। জন্মদিনের দিন সেই মেয়ে অপহৃত। বৃষ্টি ভাবতেই পারেনি, জীবন তার জন্য এত বড় অঘটন সাজিয়ে রেখেছে! এ বার সে বাঁচবে কী নিয়ে?
এই গল্প নিয়েই পরিচালক শিলাদিত্য মৌলিকের আগামী ছবি ‘ছেলেধরা’। নামভূমিকায় স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘প্রোমোটার বৌদি’র পর ফের তিনি বড়পর্দায়। শিলাদিত্য বরাবর সম্পর্কের গল্প বলতে ভালবাসেন। প্রত্যেক ছবিতে কেবল সম্পর্কের মোড়ক বদলে যায়। এ বার যেমন তিনি ‘একা মা’ বৃষ্টির জীবনের ওঠাপড়া, সম্পর্কের নানা স্তর দেখাতে চলেছেন। ছবিটি ইন্দো-আমেরিকার যৌথ প্রযোজনায় তৈরি হতে চলেছে। শুট শুরু পয়লা মার্চ থেকে। শুটিং হবে অরুণাচল প্রদেশের ইটানগর আর জিরো ভ্যালিতে।
‘একা মা’দের নিয়ে প্রায়ই ছবি তৈরি হচ্ছে। পরিচালকের ‘ছেলেধরা’ ছবিতে নতুনত্ব কী? প্রশ্নের জবাবে আনন্দবাজার ডট কম-কে পরিচালক বলেন, ‘‘অনেক মানুষ নিখুঁত হন না। কিন্তু নিজেকে উজাড় করে ভালবাসতে জানেন। এই ছবি তাঁদের জন্য। আর সেই সব একা মায়ের জন্য, যাঁরা নিজের ভুলের মোকাবিলা নিজেরাই করতে জানেন।’’ ছবির চিত্রনাট্যতে, ‘বৃষ্টি’ চরিত্রে নিজেকে খুঁজে পেয়েছেন স্বস্তিকা। তাই তিনি রাজি হয়েছেন। ছবির প্রযোজক প্রতীক মজুমদার এবং অনিন্দিতা (টুটু) মুখোপাধ্যায়। ক্যামেরা সামলাবেন ইতালির চিত্রগ্রাহক ভিনসেনজো কন্ডোরেলি। কার্যনির্বাহী প্রযোজক জিতিন হিঙ্গরানি।