স্বপন সাহার পরিচালনায় জুটিতে রোহন-দর্শনা। ছবি: সংগৃহীত।
দীর্ঘ বিরতির পর ছবি পরিচালনায় ফিরছেন স্বপন সাহা। কোভিড অতিমারির পর থেকেই হাতে কোনও কাজ ছিল না পরিচালকের। শরীর অসুস্থ থাকায় টলিউডের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। আবার নিজের ঘরানায় ফিরছেন তিনি। পুরোপুরি বাণিজ্যিক ছবি নিয়ে স্বমহিমায় দেখা যাবে পরিচালককে। ছবির নাম ‘মন ছুঁই’।
আনন্দবাজার ডট কমের তরফে এ বিষয়ে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “করোনার পর থেকেই বসে গিয়েছিলাম প্রায়। শরীরও খারাপ ছিল। সকলে ধরেই নিয়েছিলেন, আমি আর কাজ করছি না। এখন শরীরটা ঠিক হয়েছে, ভাল কাজ পেলে করব। কম সংখ্যক হলেও করব। আমি যে ধরনের ছবি করি, তা-ই করব। এই কয়েক বছরে ছবির মেকিংয়ে বদল এসেছে। ডিজিটাল যুগ এসেছে। আমিও ঠিক করেছি এমনভাবেই ছবি বানাব, যাতে এখনকার দর্শকের ভাল লাগে। বদল না আনলে টেকা যাবে না। সংলাপের ধরনে বদল এলেও পাঞ্চলাইন থাকবে। যেমন ‘এম এল এ ফাটাকেষ্ট’-র সংলাপ এখনও গ্রামে শোনা যায়। আমরা যে কথা বলি, সেই কথা দিয়েই তৈরি হয় সংলাপ। অভিনেতার মুখে তা জনপ্রিয় হয়। আ তার সঙ্গে দর্শক রিলেট করতে পারলেই সেই সংলাপ জনপ্রিয় হয়। সেই স্বাদ অবশ্যই থাকবে ছবিতে। এটা একটা মিউজিক্যাল প্রেমের ছবি।’’
দর্শনার লিপে আশা ভোঁসলের গান। ছবি: সংগৃহীত।
নায়িকার লড়াই নিয়েই তৈরি ছবির গল্প। মুখ্য চরিত্রে দেখা যাবে দর্শনা বণিককে। নায়িকার মতে, ‘‘আমি রিয়্যাল লাইফে খুবই ফিল্মি। তাই কমার্শিয়াল ছবি এবং তার সঙ্গে স্বপন সাহা পরিচালনা করবেন শুনেই উচ্ছ্বসিত হয়ে গিয়েছি। মূলধারার ছবিতে যে স্বপ্নের দৃশ্য থাকে, তা করতে পারব, নাচ-গান থাকবে, সেটাও নতুন অভিজ্ঞতা হবে। প্রেমের ছবি, আর রোহনের সঙ্গে আমার প্রথম জুটি বাঁধা। আশা করি, দর্শকেরও নতুন জুটি ভাল লাগবে। আর যেটা স্বপ্নের মত লাগছে সেটা হল, আমি আশা ভোঁসলের গাওয়া গানে লিপ দেব। ওঁর গাওয়া একটা গান আমার লিপে থাকবে, এটা যে কোনও নায়িকার কেরিয়ারে সবচেয়ে বড় পাওনা। আমার ক্ষেত্রেও তাই।’’
নায়ক রোহনের নতুন সফর। ছবি: সংগৃহীত।
দর্শনার বিপরীতে প্রথম বার দেখা যাবে রোহন ভট্টাচার্যকে। নায়কের মতে স্বপন সাহার নাম শুনেই খানিক চরিত্রের জন্য রাজি হওয়া। চিত্রনাট্যের ওয়ানলাইনারই তাঁকে আকৃষ্ট করেছিল। রোহন বলেন, “গল্পটা যেটুকু শুনেছি, খুবই অন্য রকম লেগেছে। যেদিন থেকে নায়ক হতে চেয়েছি, বর্ষীয়ান পরিচালক স্বপন সাহা, রবি কিনাগী, হরনাথ চক্রবর্তীর ছবি দেখে বড় হয়েছি। তঁর নাম শুনে কাজটা করতে চেয়েছিলাম। চরিত্রটার আদল কিছুটা ‘যব উই মেট’ এর শাহিদ কাপুরের মতো মনে হয়েছে। দারুণ লোকেশনে শুটিং হবে। মানালিতেও কিছুটা শুটিং হওয়ার কথা। সব মিলিয়ে দারুণ একটা ছবি হবে আশা করি।’’
মূলধারার ছবি করার বিষয়ে নায়ক-নায়িকা দু’জনেই একমত। গ্রামের দর্শকের কাছে পৌঁছতে গেলে মূলধারার ছবিকে ফেরাতেই হবে, একই সুরে বলে ওঠেন রোহন-দর্শনা। এই ছবিতে অন্যান্য ভূমিকায় দেখা যাবে অনামিকা সাহা, লাবণী সরকার, বিশ্বনাথ বসুর মতো শিল্পীদের। ছবিতে শোনা যাবে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে ও জ়ুবিন গর্গের রেকর্ড করা বাংলা গানও, যা কয়েক বছর আগেই রেকর্ড করে রেখেছিলেন ছবির প্রযোজকেরা। জুলাইয়ে ছবির শুটিং শুরু করার কথা স্বপন সাহার।