Pahlaj Nihalani Demise

প্রয়াত প্রযোজক পহলাজ নিহলানী, বয়স হয়েছিল ৭৬, ধরা পড়ে লিভারের সমস্যা

ধরা পড়েছিল লিভার সিরোসিস। গত কয়েক মাস ধরেই ভুগছিলেন তিনি। ৪ জুন বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহলানী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৬ ১২:৪১
প্রয়াত পহলাজ নিহলানী।

প্রয়াত পহলাজ নিহলানী। ছবি: সংগৃহীত।

প্রয়াত ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’-এর প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহলানী। বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬। বলিউড সূত্রে খবর, গত কয়েক মাস বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। শোনা গিয়েছে, কিছু দিন আগে লিভার সিরোসিস ধরা পড়েছিল তাঁর।

Advertisement

১৯৫০ সালে সিন্ধি পরিবারে জন্ম হয় তাঁর। বহু সফল হিন্দি ছবির প্রযোজক ছিলেন পহলাজ। ‘ইলজ়ম’, ‘শোলা অউর শবনম’, ‘আখেঁ’, ‘তলাশ’, ‘জুলি ২’-এর মতো বেশ কিছু ছবির প্রযোজনা করেছিলেন তিনি। ২০১৫ সালে সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি। তার পরে বেশ কিছু বিতর্কে জড়িয়েছিল তাঁর নাম।

সেন্সর বোর্ডের চেয়ারম্যান পদে থাকার সময়ে তাঁর ‘অতিরিক্ত রক্ষণশীল মনোভাব’-এর জন্য সমালোচিত হতে হয়। নিহলানী প্রকাশ্যে বলেছিলেন যে, “সিবিএফসি-এর কাজ শুধু সার্টিফিকেট দেওয়া নয়, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করাও।” সমালোচকদের মতে, এই দৃষ্টিভঙ্গি সেন্সর বোর্ডকে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগে উৎসাহিত করেছিল। শুধু তা-ই নয়, অনেকে অভিযোগ জানিয়েছিলেন, পহলাজের জন্য সিবিএফসি চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

২০১৬ সালে তৈরি হয় ‘উড়তা পঞ্জাব’ ছবিটি। মাদক সমস্যাকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে ‘সিবিএফসি’ বহু কাটছাঁটের নির্দেশ দেয়। নির্মাতারা আদালতে যান। বিষয়টি মতপ্রকাশের স্বাধীনতা বনাম সেন্সরশিপ— বড় বিতর্কে পরিণত হয়। পরবর্তীকালে আদালত সীমিত কাটসহ ছবিটি মুক্তির অনুমতি দেয়। ২০১৭ সালে তাঁকে ‘সিবিএফসি’ প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Advertisement
আরও পড়ুন