পিছিয়ে পড়ল পরশুরাম, তটিনীর কাহিনি। ছবি: সংগৃহীত।
নতুন সপ্তাহে জোরদার লড়াই। পরশুরাম, রায়ানকে টেক্কা নিশা আর উজির। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিক সম্প্রচারের পর ধীরে ধীরে টিআরপি প্রতিযোগিতায় উপরে উঠে এসেছে এই কাহিনি। চলতি সপ্তাহে শীর্ষে দেখা গেল তাদের নাম।
আইপিএল-এর মরসুম শেষ। রাজনৈতিক ডামাডোল চললেও তা কি আর টিআরপি প্রতিযোগিতায় প্রভাব ফেলবে? সেই উত্তর না মিললেও, অন্য সপ্তাহের তুলনায় অবশেষে চলতি সপ্তাহে প্রায় সব ধারাবাহিকের নম্বরই বেড়েছে। প্রথম স্থান পেয়েছে উজি, নিশার কাহিনি। এমনিতেই এখন চলছে টানটান উত্তেজনা। এক দিকে নিশার নতুন জীবন শুরু করার গল্প শুরু হয়েছে। অন্য দিকে উজি তার ননদের স্বামীর অভিসন্ধি ফাঁস করতে উদ্যত হয়েছে। এই সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৫.১।
দ্বিতীয় স্থানে নেমে এসেছে ‘পরশুরাম আজকের নায়ক’। একটানা প্রথম স্থানে ছিল এই কাহিনি। এই সপ্তাহে পরশুরামের প্রাপ্ত নম্বর ৪.৯। তৃতীয় স্থান পেয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে নায়ক-নায়িকার বিয়ের পর্ব। ফলে দর্শকের আগ্রহ আরও বেড়েছে। এই সপ্তাহে তারা পেয়েছে ৪.৬। একই স্থানে রয়েছে রায়ান, পারুলের কাহিনি। এই সপ্তাহে ‘পরিণীতা’ ধারাবাহিকেরও প্রাপ্ত নম্বর ৪.৬।
চলতি সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে তিনটি ধারাবাহিক। ‘কনে দেখা আলো’, ‘গঙ্গা’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’—তিনটি কাহিনিই ৪.৪ পেয়ে রয়েছে পাঁচ নম্বরে।