ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
অন্তঃসত্ত্বা অবস্থায় অনেকেই নানা রকম শরীরচর্চার মাধ্যমে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করেন। সন্তান জন্ম দেওয়ার সময় এবং পরবর্তী কালেও সুস্থ থাকতে এগুলি খুবই উপকারী বলে দাবি করেন চিকিৎসকেরা। তবে তাঁরা সবই খুব সাবধানে করতে বলেন। সম্প্রতি এক অন্তঃসত্ত্বা নারীর এমন কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে নেটপাড়ায়।
ইনস্টাগ্রামের ‘যোগযাত্রা_উইথ_শশী’ নামের অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, নানা রকম ভাবে যোগাভ্যাস করছেন এক অন্তঃসত্ত্বা মহিলা। চক্রাসন-সহ বিভিন্ন যোগাসন করতে দেখা যায় তাঁকে। তাঁর পরনে রয়েছে উজ্জ্বল সবুজ রঙের শাড়ি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
জানা গিয়েছে, এই মহিলা পেশায় যোগ প্রশিক্ষক। ভিডিয়োটির ক্যাপশন থেকে জানা যায়, তিনি ৩৯ সপ্তাহের (৯ মাস) অন্তঃসত্ত্বা। সেখানে আরও লেখা হয়েছে যে, কিছু মানুষ কেবল তাঁর কসরতই দেখেন। কিন্তু এগুলি তাঁর বহু বছরের পরিশ্রম, সচেতনতা এবং ধৈর্যের ফসল। অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে তিনি কোনও নতুন কিছু প্রমাণ করতে চাননি বলেই জানিয়েছেন। তিনি কেবল সচল থেকে ভাল অনুভূতির মধ্যে দিয়ে কাটাতে চান। সবশেষে এ-ও লেখা হয়েছে যে, কোনও চিকিৎসক এমন পরামর্শ দেননি। অন্তঃসত্ত্বা থাকার সময় এক এক জনের শরীর এক এক রকম অবস্থায় থাকে। তাই যে কোনও পদক্ষেপ করার আগে স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
ভিডিয়োটিতে চার লাখেরও বেশি নেটাগরিক ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। অনেকে শেয়ারও করেছেন। অজস্র মন্তব্যও জমা পড়েছে মন্তব্যবাক্সে। তবে, ভিডিয়োটি সমাজমাধ্যমে তীব্র বিতর্কেরও জন্ম দিয়েছে। অনেকেই প্রশ্ন তোলেন যে প্রসবের এত কাছাকাছি সময়ে এমন কঠিন যোগাভ্যাস আদৌ নিরাপদ কি না। এক জন লিখেছেন, “শুধু সমাজমাধ্যমে জনপ্রিয় হওয়ার জন্য এমন ঝুঁকিপূর্ণ কাজ করবেন না, আপনার বাচ্চার কথা ভাবুন।” আবার আর এক জন লিখেছেন, “আমি অনেক অন্তঃসত্ত্বা মহিলাকে ওজন তুলতে এবং ব্যায়াম করতে দেখি। এখানকার কিছু ভঙ্গি দেখতে বেশ কঠিন মনে হলেও, সেগুলো এই মহিলার ক্ষেত্রে হয়তো মোটেও বড় কিছু নয়।” তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলে দেগে দিয়েছেন অনেকেই।