শুক্রবারে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
এই মুহূর্তে প্রেক্ষাগৃহে যে ক’টা ছবি চলছে তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’ ও ‘অবসেশন’। দুই ছবি নিয়েই দর্শকের আগ্রহ ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে বাড়ছে তাদের ব্যবসাও। এরই মধ্যে ৩ জুলাই, শুক্রবার মুক্তি পেতে চলেছে ‘আলফা’। আলিয়া ভট্টের অ্যাকশন ছবি। এ ছাড়াও রয়েছে বাংলা ছবি ‘নেভারমাইন্ড’। রয়েছে আরও একটি হিন্দি ছবি ‘বেবি ডু ডাই ডু’।
আলফা:
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘আলফা’ তাদের ‘স্পাই ইউনিভার্স’-এর অন্যতম প্রতীক্ষিত ছবি। ব়ড়পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে আলিয়া ভট্টকে। আলিয়া তাঁর অভিনয়দক্ষতার জন্য বারবার বাহবা পেয়েছেন। তবে লড়াইয়ের দৃশ্যে কতটা মানানসই তিনি, তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেরই দাবি, এমন শক্তিশালী চরিত্রের জন্য আলিয়া নাকি একেবারেই মানানসই নন। ‘আলফা’র ঝলক প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে প়ড়েন তিনি। যদিও নেতিবাচক কথায় কান দিতে নারাজ অভিনেত্রী। এই ছবিতে আলিয়া ছাড়াও রয়েছেন শর্বরী ওয়াঘ, ববি দেওলের মতো তারকারা। আলিয়ার বাবার চরিত্রে অভিনয় করেছেন ববি। ‘অ্যানিম্যাল’ ছবির সাফল্যের পর থেকেই আলোচনায় ববি। একের পর এক ছবির প্রস্তাব পাচ্ছেন তিনি। তাঁর ডুবন্ত কেরিয়ারে নতুন জোয়ার এসেছে। অন্য দিকে বলিউডের নতুন প্রতিভাদের অন্যতম শর্বরী। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ম্যায় ওয়াপস আয়ুঙ্গা’। নতুন এই ছবিতেও শর্বরীর অ্যাকশন নজর কাড়বে বলে আশা অনুরাগীদের।
নেভারমাইন্ড:
এক একট রাত যেন মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ঠিক এমনটাই ঘটে অমর্ত্য ও ঋতুপর্ণা সেনগুপ্তের জীবনে। অতীতের এক বিষয় খুঁজতে গিয়ে শহরের এক পানশালায় পৌঁছোন ঋতুপর্ণা। আর সেখানেই তাঁর হঠাৎ দেখা অল্পবয়সি সঙ্গীতশিল্পীর সঙ্গে। যে ভূমিকায় রয়েছেন অর্মত্য। সঙ্গীতের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তাঁর। মা চৈতি ঘোষালের পরিচালনায় এ বার বড়পর্দায় অর্মত্য। ভাল অভিনেত্রী হিসাবে তো চৈতির পরিচিতি রয়েইছে। তবে এ বার পরিচালকের ভূমিকায় তিনি।
বেবি ডু ডাই ডু:
এটি একটি থ্রিলার-ধর্মী ছবি। বড়পর্দায় এক দিকে অ্যাকশন করতে দেখা যাবে আলিয়া ভট্টকে। একই সময়ে অপর ছবি নিয়ে প্রেক্ষাগৃহে অ্যাকশন করতে দেখা যাবে হুমা কুরেশিকে। ‘বেবি ডু ডাই ডু’ ছবিতে হুমা ছাড়াও রয়েছেন অভিনেত্রীর ভাই শাকিব সালিম। তবে ‘আলফা’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে নারাজ হুমাদের ছবির টিম। বরং দুটো ছবি স্বতন্ত্র জায়গা করে নিক, তেমনটাই চান নির্মাতারা।