অনীক দত্ত। ফাইল চিত্র।
গত কয়েক বছর নন্দনে 'ব্রাত্য' ছিলেন তিনি। অনীক দত্তের ছবি সরকারি প্রেক্ষাগৃহে দেখানো হত না। শুক্রবার সকালে সেখান থেকেই সদ্যপ্রয়াত পরিচালকের শেষযাত্রা শুরু।
আনন্দবাজার ডট কম-কে এ খবর জানিয়েছেন পরিচালকের অধিকাংশ ছবির প্রযোজক ফিরদৌসল হাসান। প্রযোজক বৃহস্পতিবার সকালেই বলেছিলেন, "এ দিন বিকেল সাড়ে ৪টে-৫টা নাগাদ অনীকদার কন্যা ঐশী সুইডেন থেকে ফিরবেন। তার পর পরিবারের সবাই মিলে শেষযাত্রা সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।" প্রযোজক জানান, সেই মতো বৃহস্পতিবার রাতে ঠিক হয়, শুক্রবার সকাল সাড়ে ৯টায় পরিচালকের মরদেহ প্রথমে পৌঁছবে নন্দনে। সেখানে জনসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য দেহ রাখা থাকবে সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এক ঘন্টা নন্দনে থাকার পর পরিচালককে নিয়ে যাওয়া হবে এনটি ১ স্টুডিয়োতে। এখানেই তাঁর কর্মজগৎ শুরু। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ শায়িত থাকবে। তারপর অন্তিমযাত্রা। পরিচালকের দাহকাজ সম্পন্ন হবে কেওড়াতলা মহাশ্মশানে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কলকাতায় পা রাখেন সদ্য পিতৃহারা কন্যা ঐশী। মা সন্ধি দত্তকে নিয়ে পৌঁছে যান পিস ওয়ার্ল্ডে। সদ্যপ্রয়াত বাবাকে দেখতে। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ-সহ অনেকেই। গত বছরের ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদ হলেও, অনীক তাঁর প্রাক্তন স্ত্রী সন্ধির বাড়িতে যেতেন। এ দিন সদ্যপ্রয়াত অনীককে পিস ওয়ার্ল্ডে দেখতে গিয়ে কেঁদে ফেলেন সন্ধি।