ওটিটি-তে মুক্তি পেয়েছে ‘ব্যোমকেশ বক্সী’। ছবি: সংগৃহীত।
ওটিটি-তে এসেছে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘সত্যান্বেষী’ এবং ‘অর্থমনর্থম’ উপন্যাস অবলম্বনে ‘ব্যোমকেশ বক্সী’ ওয়েব সিরিজ় তৈরি করেছেন পরিচালক অরিত্র সেন। ব্যোমকেশকে একেবারে অন্য ভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছেন অভিনেতা গৌরব চক্রবর্তী। ছোটপর্দায় আগেও তাঁকে ব্যোমকেশ রূপে দেখেছে দর্শক।
নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছোনোর চেষ্টায় আবার সত্যান্বেষীর ভূমিকায়? গৌরবের কথায়, “প্রথম যখন আমার কাছে প্রস্তাবটা আসে, আমি একটু চিন্তা করার জন্য সময় চেয়েছিলাম। যেহেতু ছোটপর্দায় আমি ব্যোমকেশের ৩৩টা গল্পই করে ফেলেছি, মনে হয়েছিল আমার তরফ থেকে এই চরিত্রে আর নতুন কী দেওয়ার আছে? কিন্তু, এ বার মাধ্যমটা নতুন আর চিত্রনাট্যটা বেশ অন্যরকম মনে হয়েছিল। সবচেয়ে বেশি করে যেটা মনে হয়েছিল, কাউকে আঘাত না দিয়েই বলছি, এই মুহূর্তে ১০ জন ব্যোমকেশ করছেন না। সব স্বত্ব প্রযোজক নিসপাল সিংহ রানের কাছেই আছে। তাই একজনকেই আপাতত ব্যোমকেশ হিসাবে দেখা যাবে। এর আগে এই ভাবে ব্যোমকেশকে দেখানো হয়নি।”
প্রথম বার অজিতের জুতোয় পা গলিয়েছেন অভিনেতা অর্ণ মুখোপাধ্যায়। তাঁরও অভিজ্ঞতা দারুণ। অর্ণ বলেন, “চরিত্রের সঙ্গে নিজের মিল খুঁজে পাওয়াটাই তো আমাদের অভিনেতাদের কাজ। বিরোধ থাকতেই পারে। তবে আমি এ ভাবেই দেখি। কোনও চরিত্র পেলে ভাবি, আমি ওই চরিত্রটা হলে কেমন হত! আমার সঙ্গে অজিতের একটা বড় মিল হল, আমরা দু’জনেই লিখতে ভালবাসি। যে কোনও শিল্পেই এমন একটা শক্তি থাকে। যতই পুরনো সময়ের কথা হোক না কেন, বর্তমান সময়ের উপযোগী করে নতুন ভাবে দর্শকের কাছে তা পৌঁছে দেওয়া যায়। এ ক্ষেত্রেও তা-ই হয়েছে।”
সিরিজ়ে সত্যবতীর ভূমিকায় শ্রুতি দাস। শহুরে ছবির ‘গ্ল্যামারাস’ নায়িকার তকমা ঘুচিয়ে একে বারে অন্যরকম চেহারায় শ্রুতি। সোহিনী সরকার ও ঋদ্ধিমা ঘোষ অভিনীত সত্যবতী তাঁর পছন্দের। প্রথম বার সত্যবতী হয়ে শ্রুতি বলেন, “আমি প্রচণ্ড চেষ্টা করে বইয়ের পাতা থেকেই সত্যবতীকে তুলে আনতে চেয়েছি। না হলে আমার কাজে আগের ‘সত্যবতী’দের কাজের ছাপ পড়ত। এর আগে যাঁরাই সত্যবতীর চরিত্র করেছেন, তাঁরা খুবই জনপ্রিয়তা পেয়েছেন। তাই আমি একেবারে নিজের মতো করে এই চরিত্র ফুটিয়ে তুলতে চেয়েছি। যেহেতু এই গল্পেই সত্যবতীর সঙ্গে ব্যোমকেশের প্রথম বার দেখা হয়, তাই আমি নতুন করে এই চরিত্রটাকে খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। এই প্রজন্ম বই পড়ে। তবে যাঁরা পড়তে ভালবাসে না, তাঁদের আরও আকৃষ্ট করবে এই ধরনের সাহিত্যনির্ভর সিরিজ়।” ওটিটি প্ল্যাটফর্ম ‘আড্ডাটাইমস’-এ দেখা যাচ্ছে এই সিরিজ়।