কী পদক্ষেপ করলেন হনসিকা মোটওয়ানী? ছবি: ফেসবুক।
প্রকাশ্যে ঘরের কোন্দল! প্রাক্তন অভিনেত্রী বৌদি মুসকান ন্যান্সি জেমসকে আদালত দেখালেন অভিনেত্রী ননদ হংসিকা মোটওয়ানী। খবর, মুসকানের বিরুদ্ধে মুম্বই দায়রা আদালতে মানহানির মামলা করেছেন হংসিকা। ক্ষতিপূরণ চেয়ে দাবি করেছেন ২ কোটি টাকা।
জানা গিয়েছে, এখানেই বিষয়টি শেষ নয়। ভবিষ্যতে তাঁর ভাইয়ের বৌ আর যেন কোনও মানহানিকর মন্তব্য না করেন, এমনও আবেদন জানিয়েছেন হংসিকার আইনজীবী আদনান শেখ। অভিনেত্রী মক্কেলের হয়ে তাঁর দাবি, আদালত যেন ছোটপর্দার অভিনেত্রী মুসকানকে সে রকমই নির্দেশ দেয়।
প্রসঙ্গত, প্রাক্তন ননদ হংসিকা এবং প্রাক্তন স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন মুসকান। তাঁর বিয়েতে হংসিকার অযথা হস্তক্ষেপের অভিযোগও ছিল মুসকানের। যদিও হংসিকা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, মুসকান তাঁদের থেকে ২৭ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ এড়াতেই মুসকান নাকি মিথ্যা দোষারোপ করছেন নিজের ভাই এবং ননদকে!
মুসকান এবং হংসিকার ভাই প্রশান্ত মোটওয়ানী ২০২০ সালে বিয়ে করেছিলেন। ২০২২ সাল থেকে তাঁরা আলাদা বসবাস করছেন। খবর, মানহানির মামলার শুনানি শীঘ্রই দিনদোশি দায়রা আদালতে উঠতে চলেছে।