DeSu7 Update

‘দেশু ৭’-এ থাকছেন অনির্বাণ! এই ভাবেই ‘ব্যান’ উঠে যাওয়ার ঘোষণা? কী জানালেন পরিচালক দেব?

‘দেশু ৭’ ছবিতে অভিনয় করছেন অনির্বাণ, এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডট কম। সেই খবরেই সিলমোহর পড়ল শুক্রবার। সমাজমাধ্যমে পোস্ট করলেন দেব।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ২২:০৭
দেব-শুভশ্রী জুটির পরবর্তী ছবিতে থাকছেন অনির্বাণ।

দেব-শুভশ্রী জুটির পরবর্তী ছবিতে থাকছেন অনির্বাণ। ছবি: সংগৃহীত।

বহু দিনের জল্পনার অবশেষে অবসান। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আগামী ছবি ‘দেশু ৭’-তে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। কবে অভিনয়ে ফিরছেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন ছিল অনুরাগীদের মনে। সেই প্রশ্নের উত্তর শুক্রবার দিলেন দেব। ঘোষণা করে দিলেন যে, তাঁর ছবিতে অভিনয় করছেন অনির্বাণ। তবে কি ৭২ ঘণ্টা পরে সত্যিই ‘ব্যান’ উঠে গেল? এই ছবি নিজেই পরিচালনা করছেন দেব, সেই ঘোষণাও করেন তারকা।

Advertisement

‘দেশু ৭’ ছবিতে অভিনয় করছেন অনির্বাণ, এই খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডট কম। সেই সময়ে অবশ্য কিছু খোলসা করেননি দেব। সেই খবরেই অবশেষে সিলমোহর পড়ল। যদিও অনির্বাণকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, সেই তথ্য এখনও প্রকাশ্যে আনা হয়নি।

শুক্রবারের ঘোষণার পরেই দেবের সঙ্গে যোগাযোগ করে আনন্দবাজার ডট কম। ‘ব্যান’ শেষপর্যন্ত উঠল, এই ঘোষণার মাধ্যমেই কি তা স্পষ্ট করলেন দেব? টলি তারকার স্পষ্ট জবাব, “হ্যাঁ, উঠল। এক জন নয়, সবার উপর থেকেই উঠল। আমি তো নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমিই।” পাশাপাশি অভিনেতা ও পরিচালক দেবের মত, “কেউ কাজ আটকাতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদেরই হবে। তাঁদের সেই পারিশ্রমিকটা যিনি কাজ আটকাচ্ছেন, তিনি দিয়ে দেবেন তো? তা হলে ঠিক আছে।” দেবের কথায়, “আমার ছবিতে প্রয়োজন ছিল অনির্বাণকে। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সে সব দেখানোর জন্য ওকে নিইনি।” দেব এ-ও জানান, রুক্মিণীই নাকি তাঁকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন।

জুন, জুলাই, অগস্ট মাস জুড়ে ৫০ দিন ধরে হবে ছবির শুটিং। ১০ হাজার টেকনিশিয়ান এই ছবিতে কাজ করছেন, জানান দেব। ছবি মুক্তি পাওয়ার কথা পুজোর সময়ে।

এত দিন শুভশ্রী ছিলেন তাঁর নায়িকা। এ বার নায়িকাকেই পরিচালনা করছেন। দেবের বক্তব্য, “‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার। মোটেই সহজ বিষয় নয়। দেব-শুভশ্রীকে ছবিতে পরিচালনা করার সুযোগ যে কোনও পরিচালক লুফে নেবেন। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব।”

অনির্বাণকে নিয়ে ছবির ঘোষণা দেবের। তা হলে কি ফেডারেশনের সঙ্গে অনির্বাণের সম্পর্কের বরফ গলল? এই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস আনন্দবাজার ডট কম-কে বলেন, “দেবের এই ঘোষণা সম্পর্কে ফেডারেশনের কোনও ধারণা নেই। পরিচালক সংগঠনের কোনও চিঠিও এখনও পাইনি।”

উল্লেখ্য, মঙ্গলবার ‘টেকনিশিয়ান স্টুডিয়ো’য় সাংবাদিকদের সামনে প্রযোজক-অভিনেতা এবং সাংসদ দেব ঘোষণা করেন, “আর কোনও ‘ব্যান কালচার’ নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যে সমস্ত পরিচালক, অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন তিনি।”

Advertisement
আরও পড়ুন