বিপদে বাদশা। ছবি: সংগৃহীত।
নারীশরীর নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গান বানিয়েছেন বাদশা? এমনই অভিযোগ তাঁর বিরুদ্ধে। খেসারত দিতে হচ্ছে গায়ককে। হরিয়ানার পঞ্চকুলা থানায় ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৬, ৩ এবং ৪-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। আগামী ১৩ মার্চ সকাল ১১টায় পানিপথের ডিসি অফিসে শুনানির জন্য তলব করা হয়েছে তাঁকে। এর মধ্যে হরিয়ানা পুলিশ ‘লুক আউট’ নোটিস জারি করল তাঁর বিরুদ্ধে।
বাদশার হরিয়ানভি মিউজ়িক ভিডিয়ো ‘টটীরী’ নিয়ে যত গোলযোগ। অভিযোগ, এই গানে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। তাঁরা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সঙ্গে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়াও, আপত্তিকর ভাষাপ্রয়োগের অভিযোগও উঠেছে।
শুক্রবার পঞ্চকুলার সেক্টর ২০-এর সাইবার ক্রাইম থানায় অভয় চৌধুরী নামের এক ব্যক্তি প্রথম অভিযোগ জানান। অন্য দিকে, হরিয়ানা মহিলা কমিশনও বাদশার বিরুদ্ধে গানটিতে আপত্তিকর কথা এবং ভিডিয়ো প্রকাশের অভিযোগ তুলেছে। সংগঠনের অভিযোগ, ভারতীয় সংস্কৃতি, রীতিনীতি এবং শালীনতার সঙ্গে এই গান একেবারে বেমানান। এ বার হরিয়ানা পুলিশের সমাজমাধ্যমের পাতায় সরাসরি বাদশাকে হুঁশিয়ারি দিয়ে আগাম আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হল।
হরিয়ানা পুলিশের সমাজামাধ্যমের পাতায় জানানো হয়েছে, অশ্লীল ও আপত্তিকর গান গাওয়ার জন্য বাদশার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হচ্ছে। যে কোনও মুহূর্তে তিনি গ্রেফতার হতে পারেন, সেই আভাসই দেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, বাদশার ‘টটীরী’ গানটি বিভিন্ন সমাজমাধ্যমের পাতা থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে।