Director Sujit Guha Health

মস্তিষ্কে রক্তক্ষরণ, ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন, কিন্তু ফের হাসপাতালে সুজিত গুহ! কেমন আছেন পরিচালক?

পরিচালকের শারীরিক অবস্থা জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। ভাগ্নে এবং তাঁর স্ত্রীর সঙ্গেই থাকেন প্রবীণ পরিচালক। সুজিতের পরিবারসূত্রে কী জানানো হল?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১৪:১৭
কেমন আছেন পরিচালক সুজিত গুহ?

কেমন আছেন পরিচালক সুজিত গুহ? ছবি: সংগৃহীত।

অসুস্থ বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এখন কেমন আছেন প্রবীণ পরিচালক? হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন কয়েক দিন আগে। কিন্তু আবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, অন্দরের খবর এমনই।

Advertisement

পরিচালকের শারীরিক অবস্থা জানতে আনন্দবাজার ডট কম-এর তরফে যোগাযোগ করা হয় তাঁর পরিবারের সঙ্গে। ভাগ্নে এবং তাঁর স্ত্রীর সঙ্গেই থাকেন পরিচালক। সুজিতের পরিবারসূত্রে খবর, অনেকটাই সুস্থ পরিচালক। হাসপাতাল থেকে বাড়ি চলেও এসেছিলেন। প্রবীণ পরিচালকের পরিবারের এক সদস্য বলেন, “আগের থেকে সুস্থ। এখন কথাও বলছেন অল্প অল্প। হাঁটাচলাও শুরু করেছিলেন। কিন্তু দু’দিন আগে আবার একটু সমস্যা দেখা দেয়। তখনই তড়িঘড়ি আমরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করি।”

পরিবারের তরফে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরিচালককে আবার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খুব গুরুতর অসুস্থতা নেই। কিছু দিন পর্যবেক্ষণে রাখা হবে। তাই আপাতত হাসপাতালেই রয়েছেন। তবে এখন চিন্তামুক্ত।

পরিচালকের অসুস্থতার খবর জানিয়েছিলেন সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা। তিনি বলেছিলেন, “চিকিৎসক জানিয়েছেন, ইস্কেমিক স্ট্রোকে আক্রান্ত সুজিতবাবু। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। সঠিক চিকিৎসায় আগের তুলনায় ভাল আছেন তিনি। তবে কিছু স্মৃতি তাঁর নষ্ট হয়ে গিয়েছে।” সুরকার জানিয়েছিলেন, বয়সজনিত কারণে অল্প অ্যালঝাইমার্স ছিলই পরিচালকের। এই অসুস্থতা সেই রোগের প্রকোপ বাড়িয়েছে।

‘দাদামণি’, ‘অমর সঙ্গী’, ‘অমর প্রেম’, ‘মনে মানে না’র মতো অসংখ্য ব্লকবাস্টার ছবির পরিচালক সুজিত। এখনও ‘অমর সঙ্গী’র হিট গান ‘চিরদিনই তুমি যে আমার’ বিভিন্ন অনুষ্ঠানে শুনিয়ে থাকেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বহু হিট ছবির সেই পরিচালক বহু বছর ধরে কর্মহীন! সূর্যজ্যোতির আক্ষেপ, “কাজপাগল ছিলেন। ছবি পরিচালনা করতে চাইতেন। সেটা করতে না পারার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খেয়েছে। চিকিৎসক জানিয়েছেন, সম্ভবত এই মানসিক চাপ থেকেই মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত তিনি।” সম্প্রতি, আর্টিস্ট ফোরামের একাধিক বৈঠকে দেখা গিয়েছিল সুজিত গুহকে। তিনি আবার ছবি বানাবেন, এমন খবরও শোনা যাচ্ছিল। তার মধ্যেই অসুস্থ তিনি।

Advertisement
আরও পড়ুন