রাহুলের স্মৃতিতে বিশেষ উদ্যোগ। ছবি: সংগৃহীত।
কট্টর লাল-হলুদপ্রেমী বলেই পরিচিত ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। প্রয়াত অভিনেতার স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে আয়োজন করা হয়েছে বিশেষ ম্যাচের। যে দলের দ্বাদশ খেলোয়াড় রাহুল। কিছু দিন পরেই মুক্তি পাবে রাহুলের ছবি ‘ছবিওয়ালা’। সেই জন্যই বিশেষ উদ্যোগ।
রাহুলের অন্যতম শেষ অভিনীত কাজ ‘ছবিওয়ালা’। পরিচালক বাপ্পার উদ্যোগে আগামী ১৫ জুন ইস্টবেঙ্গল ক্লাব মাঠে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ‘ট্রিবিউট এগ্জ়িবিশন ম্যাচ’। বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ অনুষ্ঠান। নাম দেওয়া হয়েছে, “লাল-হলুদ গ্যালারির ছবিওয়ালা।”
গ্যালারিতে রাহুলের সেই চেনা মশাল, জয়ধ্বনি আর ফুটবল নিয়ে উন্মাদনা। সেই উন্মাদনায় এ বার শামিল হবে টলিউডও। প্রিয় সমর্থককে মাঠ থেকেই পরম শ্রদ্ধা জানাতে এ বার বুট পায়ে সবুজ গালিচায় নামছেন একঝাঁক প্রাক্তন তারকা লাল-হলুদ ফুটবলাররা। এই বিশেষ ম্যাচে খেলতে দেখা যাবে অ্যালভিটো ডি’কুনহা, মেহতাব হোসেন, দীপঙ্কর রায়, রহিম নবী, অসীম বিশ্বাস, অর্ণব মণ্ডল, সৌমিক দে, মহম্মদ রফিক-সহ ইস্টবেঙ্গলের বহু প্রাক্তনীকে।
এই ঐতিহাসিক আয়োজনকে সফল করতে এবং মাঠের অনুমতি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা নীতু সরকার। ‘ছবিওয়ালা’ টিমের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরিচালক বাপ্পা বলেন, “মানুষটা হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু ওঁর রেখে যাওয়া অন্যতম শেষ ছবি ‘ছবিওয়ালা’ আর এই মাঠের আবেগের মধ্যে দিয়েই রাহুলদা আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।”