Irrfan Khan

‘ওটাই ছিল ওঁর আধ্যাত্মিক অভ্যাস’, শেষ দিনগুলোয় কেমন ছিলেন ইরফান? কী অভিজ্ঞতা বন্ধু হোমীর?

‘অংরেজ়ী মিডিয়াম’ ছবির জন্য যখন ইরফান শুটিং করছেন, তখন তিনি কেমোথেরাপি নিচ্ছেন। হোমী জানান, শুটিং সেটে সকলেই জানতেন যে, ইরফান তখন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৪:২৮
ইরফানকে নিয়ে কী বলেন হোমী?

ইরফানকে নিয়ে কী বলেন হোমী? ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে ছয় বছর কেটে গিয়েছে। ২৯ এপ্রিল ইরফান খানের অনুরাগীদের জন্য দুঃস্বপ্নের মতো। অভিনেতা ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। ২০২০ সালের ২৯ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শরীরে ক্যানসার নিয়েই ‘অংরেজ়ী মিডিয়াম’ ছবির শুটিং করেছিলেন তিনি। কেমন ছিল সেই দিনগুলি? সাক্ষাৎকারে অভিজ্ঞতা ভাগ করেন পরিচালক হোমী অদজানিয়া।

Advertisement

‘অংরেজ়ী মিডিয়াম’ ছবির জন্য যখন ইরফান শুটিং করছেন, তখন তিনি কেমোথেরাপি নিচ্ছেন। হোমী জানান, শুটিং সেটে সকলেই জানতেন যে, ইরফান তখন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। হোমী নিজেই অভিনেতাকে প্রশ্ন করেছিলেন, “নিজের সমস্যার কথা জেনেও কেন আপনি শুটিং করতে চাইছেন?” ইরফানের উত্তর শুনে অবাক হয়ে গিয়েছিলেন পরিচালক। অভিনেতা জানিয়েছিলেন, অভিনয় ছাড়া তাঁর জীবনে আর কিছু করার নেই। অভিনয়ই তাঁর কাছে আধ্যাত্মিক অভ্যাসের মতো। অভিনয় করার তাগিদই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করে।

ছবির শুটিংয়ের জন্য সেই সময়ে ইরফান লন্ডনে ছিলেন। দিন দিন অবনতি হচ্ছিল তাঁর স্বাস্থ্যের। তাই ইরফান যাতে মনের দিক থেকে খুশি থাকেন, সেই দিকে নজর দিতেন সেটের বাকিরা। হোমীর কথায়, “মনে আছে, ওঁর শরীর ক্রমশ খারাপ হচ্ছিল। কিন্তু উনি নিজেই আমাকে ফোন করে বলেছিলেন, ‘আমি শুটিং করতে পারব।’ পরের মাসেই শুটিং করতে চান উনি। আমিও আর দেরি করতে চাইনি। বুঝেছিলাম, এটাই হয়তো আমাদের একসঙ্গে শেষ পথচলা।”

ইরফানের সঙ্গে সুসম্পর্ক ও বন্ধুত্বের কথাও জানান হোমী। বন্ধুকে নিয়ে পরিচালকের বক্তব্য, “আমরা খুব ভাল বন্ধু ছিলাম। শেষ দিনগুলোয় খুব হাসিখুশি থাকতাম। ওঁর সঙ্গে অসাধারণ কিছু স্মৃতি রয়েছে।”

ইরফানের মৃত্যুর ঠিক এক মাস আগে অর্থাৎ ২০২০ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘অংরেজ়ী মিডিয়াম’।

Advertisement
আরও পড়ুন